মল্লিকার্জুন খাড়গের আহ্বান
'গণতন্ত্রকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে হবে'
-
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপিকে পরাজিত করার উপর জোর দিয়েছেন।
তিনি আজ (রোববার) কেন্দ্রীয় বিজেপি সরকারকে স্বৈরাচারী সরকার বলে অভিহিত করে এই সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন। খাড়গে বলেন, গণতন্ত্রকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করা যখন মহাত্মা গান্ধী কংগ্রেসের সভাপতি হওয়ার ১০০ বছর পূর্ণ হচ্ছে।
তিনি বলেন, মহাত্মা গান্ধীর প্রতি সবচেয়ে উপযুক্ত শ্রদ্ধা হবে ২০২৪ সালে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। হায়দরাবাদে আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠকের দ্বিতীয় দিনে খাড়গে বলেন, সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সে সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। এই চ্যালেঞ্জগুলো কেবল কংগ্রেসের নয়, এগুলো ভারতীয় গণতন্ত্রের টিকে থাকা এবং ভারতীয় সংবিধানের সুরক্ষার জন্য উদ্বেগের বিষয়।
তিনি বলেন, বিজেপি শাসনে গত ১০ বছরে সাধারণ মানুষের সামনে চ্যালেঞ্জ বহুগুণ বেড়েছে। প্রধানমন্ত্রী দরিদ্র, কৃষক, শ্রমিক, নারী এবং যুবকদের উদ্বেগগুলো সমাধান করতে অস্বীকার করেছেন এবং পরিবর্তে, তিনি নিজের বাইরে দেখতে পারেন না। এমন পরিস্থিতিতে আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। গণতন্ত্রকে রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে হবে। মোদী সরকার মৌলিক বিষয়গুলো থেকে জনসাধারণের মনোযোগ সরাতে নতুন নতুন ইস্যু এনে বিভ্রান্তির রাজনীতি করছে বলেও কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে মন্তব্য করেন। #
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।