ভারতে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা, নিশ্চিতভাবে হারতে চলেছে বিজেপি- কুণাল
https://parstoday.ir/bn/news/india-i129166-ভারতে_৫_রাজ্যের_বিধানসভা_নির্বাচনের_তফসিল_ঘোষণা_নিশ্চিতভাবে_হারতে_চলেছে_বিজেপি_কুণাল
ভারতে আজ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ (সোমবার) দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- রাজস্থান, ছত্তিসগড়, মধ্য প্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরাম। সংবাদ সম্মেলন করে আজ নির্বাচনের তফসিল  ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০৯, ২০২৩ ১৫:৪১ Asia/Dhaka
  • ভারতে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা, নিশ্চিতভাবে হারতে চলেছে বিজেপি- কুণাল

ভারতে আজ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ (সোমবার) দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- রাজস্থান, ছত্তিসগড়, মধ্য প্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরাম। সংবাদ সম্মেলন করে আজ নির্বাচনের তফসিল  ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। 

মিজোরামে বিধানসভা নির্বাচন হতে চলেছে ৭ নভেম্বর। মধ্য প্রদেশে নির্বাচন হবে ১৭ নভেম্বর। ছত্তিসগড়ে দুই দফায় নির্বাচন হবে। প্রথম দফায় ৭ নভেম্বর ও দ্বিতীয় দফায় ১৭ নভেম্বর হবে নির্বাচন। রাজস্থানে নির্বাচন হবে ২৩ নভেম্বর। ৩০ নভেম্বর নির্বাচন হবে তেলেঙ্গানায়। ছত্তিসগড় বাদে বাকি রাজ্যগুলোতে এক  দফাতেই ভোট হবে। প্রত্যেক রাজ্যের নির্বাচনের ফল ঘোষিত হবে আগামী ৩ ডিসেম্বর।  

এ প্রসঙ্গে আজ পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, নির্বাচনে বিজেপি বিরোধী জোট জয়ী হবে, বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেছে। কুণাল ঘোষ আজ বলেন, ‘বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেল। ৫টি রাজ্যের মধ্যে ৩/৪টিতে বিজেপি নিশ্চিতভাবে হারতে চলেছে। এবং 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা ‘ইন্ডিয়া’জোটের জয় নিশ্চিত। লাদাখের নির্বাচন দেখিয়ে দিয়েছে যে, ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ হোক একটাই শ্লোগান কাজ করছে, ‘নো ভোট টু বিজেপি’। বিজেপির ভরাডুবি নিশ্চিত  হতে চলেছে’ বলেও মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।

ভারতে আগামী ২০২৪ সালে লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনেই ঠিক হবে কোন দল কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আসবে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সেমিফাইনাল বলে মনে করছেন বিশ্লেষকরা। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৯     

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।