কুণাল ঘোষ বললেন
'ডায়মন্ড হারবার কেন্দ্রে নওশাদ প্রার্থী হলে জীবনের মত দাঁড়ানোর শখ মিটে যাবে'
-
তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার কেন্দ্রে ‘আইএসএফ’ নেতা ও বিধায়ক নওশাদ সিদ্দিকি প্রার্থী হওয়ার জল্পনা শুরু হওয়ায় রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রের এমপি। সেই কেন্দ্রে ‘আইএসএফ’ নেতা ও বিধায়ক নওশাদ সিদ্দিকি দাঁড়াতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।
এ প্রসঙ্গে আজ (বুধবার)পশ্চিমবঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘এত কথার কী আছে? যদি সাহস থাকে, যদি ক্ষমতা থাকে তাহলে নওশাদ লড়ে দেখাক। তিনি কটাক্ষ করে বলেন, পিপীলিকার পাখা ওঠে হারিবার তরে। যদি ক্ষমতা থাকে নওশাদ একবার দাঁড়িয়ে দেখাও, জীবনের মতো দাঁড়ানোর শখ চলে যাবে।’
তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ আরও বলেন, নওশাদ সিদ্দিকি একটা ভোট পাওয়া মানে বিজেপির লাভ। নওশাদ একটা ভোট কাটা মানে বিজেপির লাভ। ডায়মন্ড হারবারের মানুষকে বাংলার মানুষকে এতটা ধর্মে বিভাজন করে অপমানজনক ভাবনা আপনারা ভাবতে পারেন? ডায়মন্ড হারবার একটা মডেল কেন্দ্র। সেখানে যা উন্নয়ন হয়েছে, এমপি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একচেটিয়া ভোট পাবেন’ বলেও মন্তব্য করেছেন কুণাল ঘোষ।
প্রসঙ্গত, ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকি গত (রোববার) বলেছিলেন, দল অনুমোদন দিলে তিনি ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে লড়বেন। সেখানকার বর্তমান এমপিকে সাবেক করার চ্যালেঞ্জও জানান তিনি।
এর আগে, সম্প্রতি বিরোধী দলনেতা ও বিওজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেছে, ডায়মন্ড হারবারে অন্য প্রার্থীকে দিয়ে ‘ভাইপো’কে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) হারাব। এবং বিজেপিকে জেতাব। আজ (বুধবার) আইএসএফ বিধায়কের প্রশংসা করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আইএসএফ তার আদর্শ নিয়ে লড়াই করে, তার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তেল আর জল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের বিরুদ্ধে নওশাদ ভাইয়ের লড়াই। সেই লড়াইয়ের একটা নিষ্ঠা আছে বলে একজন বিধায়ক সহকর্মী হিসেবে আমি বিধানসভার মধ্যে দেখেছি।’
অন্যদিকে, সিপিএম নেতা মুহাম্মদ সেলিম বলেছেন, মানুষ যদি চায়, সব দল চাইলে নওশাদ সিদ্দিকীকে সমর্থন করা হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মতে, ডায়মন্ডহারবারে আইএসএফ যদি দাঁড়ায় তাহলে খোকাবাবুর (অভিষেক বন্দোপাধ্যায়) বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল। এভাবে লোকসভা নির্বাচনের আগেই এই সব মিলিয়ে ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে এখন থেকেই রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/০৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন