পশ্চিমবঙ্গে উগ্রপন্থী কার্যকলাপের অভিযোগে সোচ্চার দিলীপ-শুভেন্দু, পাল্টা জবাব কুণালের
পশ্চিমবঙ্গে উগ্রপন্থী কার্যকলাপের অভিযোগে রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ এমপি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আজ (শনিবার) বিজেপির উভয় নেতা রাজ্য সরকারের সমালোচনা করেন। বিজেপির সিনিয়র নেতা দিলীপ ঘোষ এমপি আজ বলেন, পশ্চিমবঙ্গে বোমা-বন্দুক, উগ্রপন্থী ক্রিয়াকলাপ চলছে। এবং এখান থেকে উৎসাহ নিয়ে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়ছে। এমনকি একসময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছিলেন, পশ্চিমবাংলা থেকেই নাকি উগ্রপন্থীরা ট্রেনিং নিয়ে বাংলাদেশে উৎপাত করছে! বার বার কেন পশ্চিমবাংলার দিকে আঙুল ওঠে? মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, কিন্তু এখানকার আইনশৃঙ্খলা ঠিক করতে পারেন না। উগ্রপন্থীরা, গ্যাংস্টাররা এখানে লুকিয়ে থাকে, তার তথ্য থাকে না। এখানকার মানুষ ভগবান ভরসায় বেঁচে আছে’ বলেও মন্তব্য করেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ এমপি।
অন্যদিকে, আজ রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ‘বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়য়ের আশ্রয়-প্রশ্রয়ে দেশ বিরোধী শক্তি এখানে কাজ করছে। যাদবপুরেও এরা আছে। কিছু লোক এখানে এসব করেন। এদের সঙ্গে সরকারের মদদ আছে। এই লোকগুলোই নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদীজি করেছিলেন। এরা সরাসরি নিজেদেরকে মাওবাদী বলেন।’
এদিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষের পাল্টা জবাবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন, ‘দিলীপ ঘোষের জানা উচিত স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী সংসদে একটি রিপোর্ট পেশ করে জানিয়েছেন জঙ্গি বা কিছু আপত্তিকর কিছু সংগঠনের ক্রিয়াকলাপ, যাতায়াত ১৪টা রাজ্যে ধরা পড়েছে। ১৪টা রাজ্যের মধ্যে ১টিতে বাংলার নাম ঢোকানো হয়েছে। বকি ১৩টি রাজ্যের ব্যাপারে বিজেপি নীরব কেন? সেখানে তো বিজেপিশাসিত রাজ্যও আছে’ বলে মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।