রাজ্যসভার চেয়ারম্যানের নকল করার জন্য তৃণমূল এমপি’র বিরুদ্ধে থানায় অভিযোগ
ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নকল করার জন্য তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা করা হয়েছে। একইসঙ্গে দিল্লির দিল্লির ডিফেন্স কলোনি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিষেক গৌতম নামে এক ব্যক্তি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। ডিসিপি দক্ষিণ বলেছেন, সংসদে উপরাষ্ট্রপতির মানহানির অভিযোগে একজন আইনজীবী অভিযোগ দায়ের করেছেন। এটি নয়াদিল্লি জেলায় পাঠানো হচ্ছে।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ওই ইস্যুতে দলীয় এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়য়ের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে যা করেছেন, ঠিক করেছেন, বেশ করেছেন। রাজ্যসভার চেয়ারম্যান যদি দলদাসের মতো আচরণ করেন, তিনি যদি একচেটিয়া বিরোধী এমপিদের সাসপেন্ড করা, বহিষ্কার করার দিকে যান, তাহলে কী কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা তাকে রসগোল্লা খাওয়াবেন?’
বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য তৃণমূলকে টার্গেট করে বলেছেন, প্রতিবাদ বা প্রতিবাদের তো একটা ভাষা থাকবে। ‘হোঁদলকুতকুত’, ‘কিম্ভূতকিমাকার’, ‘নাড্ডা-ফাড্ডা-চাড্ডা’ এগুলো তো মানুষ শুনে অভ্যস্থ। তারা সেই কাজই করেছেন।
এ প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ (বুধবার) তার সাফাইতে বলেছেন, উপরাষ্ট্রপতি ধনখড়কে অসম্মান করা তার অভিপ্রায় নয়। ধনখড় সম্মানীয় ব্যক্তি। ইতোপূর্বে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। তাকে সম্মান করেন। তিনি বলেন, মিমিক্রি (নকল) করা একটা আর্ট (শিল্প)। আগেও করেছি। আমি তো এটা লোকসভা বা রাজ্যসভায় করিনি। তার পরেও এটা যদি কেউ নিজের দিকে নিয়ে নেন, তাহলে আমি সত্যিই অসহায়।
সংসদ থেকে বিরোধীদের সাসপেন্ড করার প্রতিবাদে গতকাল (মঙ্গলবার)সংসদ ভবনের সামনে বিরোধী এমপিদের ধর্না-অবস্থান হয়। সেখানে তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নকল করে কটাক্ষ করেন। এর ভিডিয়ো করেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি। কিন্তু তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে কটাক্ষ করতে যে ভঙ্গিতে কথা বলেছেন, শরীরী ভাষার প্রয়োগ ঘটিয়েছেন, তা দেখে সমালোচনায় সোচ্চার হয়েছে বিজেপি।
বিষয়টিকে ব্যক্তিগত আক্রমণ বলে মন্তব্য করেছেন রাজ্যসভার চেয়ারম্যান। অন্যদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাজে ‘মর্মাহত’। তিনি এক বার্তায় বলেছেন, ‘সংসদ চত্বরে আমাদের শ্রদ্ধেয় উপরাষ্ট্রপতিকে যে ভাবে অপমান করা হয়েছে, তা দেখে আমি হতাশ হয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন। সব মিলিয়ে ওই ইস্যুতে সরকারপক্ষ ও বিরোধীদের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়েছে।
এদিকে, আজ (বুধবার) লোকসভায় প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করায় আরও দুই এমপিকে সংসদের শীতকালীন অধিবেশনের বাকি মেয়াদ পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্ত দুই এমপি হলেন, সি থমাস ও এএম আরিফ। এই দুই এমপি’র বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের ফলে এ পর্যন্ত সাসপেন্ড হওয়া এমপির সংখ্যা বেড়ে ১৪৩ জনে পৌঁছেছে। বিরোধী এমপিরা সংসদের নিরাপত্তা ত্রুটি নিয়ে একনাগাড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি জানাচ্ছেন। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।