সাগরের গভীর থেকে হলেও হামলাকারীদের খুঁজে বের করা হবে: রাজনাথ সিং
-
রাজনাথ সিং
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাণিজ্যিক জাহাজগুলোতে সাম্প্রতিক হামলার জন্য দায়ীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন।
রাজনাথ সিং আজ (মঙ্গলবার) দেশীয় যুদ্ধজাহাজ আইএনএস ইম্ফলকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার পর এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে বলেন, বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার পর ভারত সাগরে টহল বাড়িয়েছে। তিনি বলেন, ভারত সরকার 'এমভি কেম প্লুটো' এবং 'এমভি সাইবাবা' বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার ঘটনাকে গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে যারা বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, এমনকী সাগরের গভীর থেকেও হলেও তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত (শনিবার) পোরবন্দর থেকে প্রায় ২১৭ নটিক্যাল মাইল দূরে ২১ জন ভারতীয় ক্রু সদস্যকে বহনকারী বাণিজ্যিক জাহাজ 'এমভি কেম প্লুটো'-তে ড্রোন হামলা হয়। এর পরে ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় উপকূলরক্ষীরা জাহাজটিকে সহায়তা দেওয়ার জন্য বেশ কয়েকটি জাহাজ মোতায়েন করে। অবশেষে জাহাজটি মুম্বাই উপকূলে পৌঁছায়। ভারতীয় উপকূলরক্ষী জাহাজ আইসিজিএস বিক্রম তাকে মুম্বাই যাওয়ার পথে নিরাপত্তা প্রদান করে।
জানা গেছে, সৌদি সৌদি আরবের আল জুবেইল বন্দর থেকে অশোধিত তেল নিয়ে ভারতের ম্যাঙ্গালুরু যাচ্ছিল বাণিজ্য জাহাজ এমভি কেম প্লুটো। শনিবার পোরবন্দর থেকে ২১৭ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয় সেটি। হামলায় হতাহতের খবর না থাকলেও, বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি ভারত মহাসাগর এবং আরব সাগরে যেভাবে একের পর এক হামলার ঘটনা ঘটেছে, তাতে জলভাগের নিরাপত্তা আটোসাঁটো করতে তৎপর হয়েছে ভারত। এরইমধ্যে আরব সাগরে তিনটি যুদ্ধজাহাজ নামানোসহ ভারতীয় নৌবাহিনী একটি পি-৮১ যুদ্ধবিমানও নামিয়েছে। এটি একটি দূরপাল্লার নজরদারি চালানো যুদ্ধবিমান। এর পাশাপাশি আইএনএস মুরমুগাও, আইএনএস কোচি এবং আইএনএস কোলকাতা নামের যুদ্ধ জাহাজকে সাগরে মোতায়েন করা হয়েছে। ভারতীয় পানিসীমার উপর নজরদারি চালাবে তারা। শুধু তাই নয়, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতেও সক্ষম ওই তিনটি যুদ্ধ জাহাজ।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার বলেন, বাণিজ্যিক জাহাজে জলদস্যুতা এবং ড্রোন হামলা মোকাবেলায় চারটি ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, জলদস্যুতা ও ড্রোন হামলার হুমকি মোকাবেলায় পি-৮১ বিমান, ডর্নিয়ার, সী গার্ডিয়ান, হেলিকপ্টার এবং উপকূলরক্ষী জাহাজ- সবগুলোই যৌথভাবে মোতায়েন করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন