মণিপুরে শান্তির বার্তা দিলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i133358-মণিপুরে_শান্তির_বার্তা_দিলেন_কংগ্রেসের_সাবেক_সভাপতি_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধার হবে বলে আশাপ্রকাশ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৫, ২০২৪ ১৫:২৩ Asia/Dhaka
  • রাহুল গান্ধী
    রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধার হবে বলে আশাপ্রকাশ করেছেন।

তিনি আজ (সোমবার) বিজেপিশাসিত মণিপুরে এ সংক্রান্ত মন্তব্য করেন। ‘ভারত জোড়ো ন্যায় পদযাত্রা’ কর্মসূচির দ্বিতীয় দিনে রাহুল গান্ধী বলেন, এখানে অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে এবং তাদের দুঃখ-বেদনা তিনি বুঝতে পারেন। তারা বুঝতে পারেন যে সহিংসতায় পরিবারের কোনো সদস্যকে হারানো কেমন লাগে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরি মণিপুরে শান্তি ও সম্প্রীতি ফিরে আসবে। 

মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করার উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, এর উদ্দেশ্য হল সারা দেশে একটি শক্তিশালী বার্তা পাঠানো এবং মণিপুরে কী ঘটছে সে সম্পর্কে মানুষকে সচেতন করা।

এ প্রসঙ্গে আজ এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সিনিয়র নেতা ও সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, মণিপুরের যন্ত্রণা, মণিপুরের সঙ্কট দেশের যন্ত্রণা এবং দেশের  সঙ্কট। এটা কেবল মণিপুর পর্যন্ত সীমিত বিষয় নয়। বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, বিভাজনের যে রাজনীতি করা হয়েছে, মেরুকরণের যে রাজনীতি করা হয়েছে, সমাজকে বিভক্ত করার যে রাজনীতিতে বিশ্বাসী আরএসএস ও বিজেপি  তারই ফল আমরা দেখছি। মণিপুরের ত্রাণ শিবিরে বসবাসকারী মানুষজন রাহুলজীকে বলেছেন, আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আমরা সেরকম স্বস্তি পাইনি।

জয়রাম রমেশ

প্রসঙ্গত, প্রসঙ্গত, ২০২৩ সালে শিরোনামে ছিল মণিপুর। গত বছরের ৩ মে থেকে এখানে সহিংসতা চলছে।

বিজেপিশাসিত মণিপুরে ‘মেইতেই’ সম্প্রদায়কে ‘তপসিলি উপজাতি’ মর্যাদা দেওয়ার প্রচেষ্টা শুরু হলে, এর বিরোধিতায় ‘কুকি’ ও অন্যান্য উপজাতি সংগঠন যৌথভাবে মাঠে নামায় সেখানে সহিংসতা চলছে। এ পর্যন্ত  কমপক্ষে ২০০ মানুষ নিহত এবং ১১০০ মানুষ আহত হয়েছে। এছাড়া প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে রয়েছেন। প্রাণ বাঁচাতে প্রতিবেশি রাজ্যগুলোতেও আশ্রয় নিয়েছেন বহু মানুষ। 

ওই ইস্যুতে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারে বিজেপি শাসনকালেই মাসের পর মাস ধরে অশান্ত বিজেপিশাসিত রাজ্য মণিপুর। জাতিগত সহিংসতা, হত্যা, ধর্ষণ, অপহরণ, লুট, উচ্ছেদ, গীর্জায় অগ্নিসংযোগসহ মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য ঘটনা হয়ে চলেছে উত্তর-পূর্বের এই রাজ্যে। আজ তৃণমূলের দলীয় মুখপত্রে আরও বলা হয়েছে- মণিপুরের সহিংসতায় ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত, বাড়ি-ঘর, গীর্জা সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিজেপি জমানায়। দেশজুড়ে এমনই অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে নরেন্দ্র মোদী দশবছর ধরে স্বৈরাচারী, সাম্প্রদায়িক সরকার চালাচ্ছেন বলেও অভিযোগ তৃণমূল কংগ্রেসের।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।