কাশ্মিরে যারই মৃত্যু হোক তা দেশের ক্ষতি: ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি
-
\'মন কি বাত\' অনুষ্ঠানে নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘অল ইন্ডিয়া রেডিও’তে জাতির উদ্দেশ্যে দেয়া ‘মন কি বাত’ বা মনের কথা অনুষ্ঠানে কাশ্মিরের চলমান পরিস্থিতির উল্লেখ করে বলেছেন, ‘কাশ্মিরে তরুণ অথবা নিরাপত্তাকর্মী যেই প্রাণ হারাক সেই ক্ষতি আমাদের, তা দেশের ক্ষতি।’
আজ (রোববার) প্রধানমন্ত্রী বলেন, ‘কাশ্মির ইস্যুতে সমস্ত রাজনৈতিক দল দেখিয়ে দিয়েছে একতার কত শক্তি। কাশ্মির নিয়ে আমাদের ঘোর বিরোধী দলও পাশে রয়েছে এবং এক স্বরে বিশ্বকে বার্তা দিয়েছে ভারত এই ইস্যুতে ঐক্যবদ্ধ। সব দলই কাশ্মিরের মানুষের প্রতি যত্নবান এবং তাদের প্রতি ভালো ধারণা রাখে। এর পাশাপাশি সমস্ত পার্টিই বিচ্ছিন্নতাবাদীদেরও বার্তা দিয়েছে কাশ্মির ইস্যুতে তারা সরকারের পাশেই রয়েছে।’
প্রধানমন্ত্রী আজ বলেন, ‘যেসব মানুষ ছোট ছোট শিশুদের কাশ্মিরে অস্থিরতা সৃষ্টি করার জন্য এগিয়ে দিচ্ছেন এমন সময় আসবে ওই নিরপরাধ শিশুদের কাছে তাদের জবাব দিতে হবে।’
তিনি আজ বলেন, ‘ভারত সবসময় চেষ্টা করছে যে আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক গভীর হোক, সহজ এবং জীবন্ত হোক। কোলকাতায় এক নয়া কর্মসূচি অনুযায়ী প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় ‘আকাশবাণী মৈত্রী’র সূচনা করেছেন। এটা শুধু সাধারণ রেডিও চ্যানেল নয়, বরং খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে সাংস্কৃতিক সংযোগ রয়েছে।’
বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ একই সাংস্কৃতিক ঐতিহ্য গ্রহণ করে জীবনযাপন করছে বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৮