জম্মু ও লাদাখকে কাশ্মির থেকে আলাদা করার দাবি
-
নির্দলীয় বিধায়ক পবন গুপ্তা (মাঝে)
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে চলমান অস্থির পরিস্থিতি শান্ত না হতেই জম্মু ও লাদাখকে আলাদা করে পৃথক রাজ্য গড়ার দাবি উঠেছে। কাশ্মিরে সর্বদলীয় প্রতিনিধিরা সফর করার একদিন আগেই ওই দাবি তুলেছেন নির্দলীয় বিধায়ক পবন গুপ্তা। জম্মু-কাশ্মির সফরে যাওয়া সর্বদলীয় প্রতিনিধিদের সামনেও ওই দাবির সপক্ষে সাফাই দিয়েছেন তিনি।
আজ (মঙ্গলবার) গণমাধ্যমে প্রকাশ, শনিবার জম্মুতে এক সংবাদ সম্মেলনে সাবেক মন্ত্রী এবং নির্দলীয় বিধায়ক পবন গুপ্তা বলেছেন, ‘অনেক হয়েছে। জম্মু’র মানুষজন একদিনের জন্যও আর দাসত্ব সহ্য করার জন্য প্রস্তুত নয়। আমরা কাশ্মিরি নেতাদের স্বায়ত্তশাসন, স্বাধীনতা এবং পাকিস্তানের সঙ্গে মিশে যাওয়ার দাবিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি।’
কাশ্মির থেকে জম্মুকে আলাদা করার দাবিকে বৈধতা দিতে পবন গুপ্তা বলেন, ‘কাশ্মির উপত্যাকা চরমপন্থিদের হাতে ফেঁসে গেছে। আমরা মনে করি, ওরা সিরিয়া বা পাকিস্তানের মতো শাসনের জন্য কাজ করছে।’
তিনি বলেন, ‘জম্মু’র মানুষজন নিজেরাই নিজেদের ভাগ্যের মালিক। তারা শ্রীনগর বা দিল্লির একতরফা আদেশকে মানবে না।’ তিনি জম্মু-কাশ্মির নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করে বলেন, ‘এর ফলে জম্মু, পিওকে, পাকিস্তান এবং কাশ্মির উপত্যাকা থেকে আসা লোকদের স্বার্থের ক্ষতি হবে।’
তিনি বলেন, ওই নীতিতে কেবল কাশ্মির এবং কাশ্মিরের লোকেদেরই একমাত্র ফ্যাক্টর হিসেবে মনে করা হয়।
তিনি জম্মু এবং লাদাখকে কাশ্মির থেকে আলাদা করার দাবি জানিয়ে বলেন, এরফলে বর্তমানে চলমান উত্তেজনা কেবল উপত্যাকার ৬০০০ বর্গ কিলোমিটার এলাকায় সীমাবদ্ধ থাকবে।
পবন গুপ্তার ওই দাবিকে জম্মু ফর ইন্ডিয়ার সমন্বয়ক অধ্যাপক হরিওম, পিওকে থেকে আসা শরণার্থীদের জন্য কাজ করা সংগঠনের কর্মকর্তা রাজীব চুনী, ডা. অগ্নীশ্বর, ডা. অজয় ছরুঙ্গু, আইনজীবী রতনশীল গিল, অজাতশত্রু সিংসহ অন্যরা সমর্থন জানিয়েছেন।
অন্যদিকে, গত মাসেই লাদাখের বিজেপি সংসদ সদস্য থুপস্টান চিওয়াঙ্গ প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে দেশের নিরাপত্তার স্বার্থে লাদাখকে কাশ্মির থেকে আলাদা করার দাবি জানিয়েছেন। তিনি অবিলম্বে রাজ্যটি থেকে ৩৭০ ধারাও প্রত্যাহার করে নেয়ার দাবি করার পাশাপাশি লাদাখকে কেন্দ্রীয় সরকার শাসিত প্রদেশে পরিণত করার দাবি জানিয়েছেন।
এদিকে, গত ৪/৫ সেপ্টেম্বর জম্মু-কাশ্মির সফরে যাওয়া সর্বদলীয় প্রতিনিধিদের সামনে জম্মুর উধমপুরের বিধায়ক পবন গুপ্তা বলেছেন, কাশ্মিরের সঙ্গে থাকাই হল জম্মুর উন্নতির পথে প্রধান বাধা। কাশ্মির অশান্তি, সন্ত্রাসবাদী সমস্যার জন্য গোটা বিশ্বে পরিচিত। এর ফলে শান্তিপ্রিয় জম্মু ও লাদাখের মানুষ উন্নয়ন ও বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন বলেও পবন গুপ্তা মন্তব্য করেছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৬