শিল্পপতিদের ঋণ মওকুফ করলেও কৃষকের দিকে নজর নেই: রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i19417-শিল্পপতিদের_ঋণ_মওকুফ_করলেও_কৃষকের_দিকে_নজর_নেই_রাহুল_গান্ধী
ভারতের কেন্দ্রীয় মোদি সরকার কৃষকদের বিভিন্ন সমস্যার দিকে নজর দিচ্ছে না বলে অভিযোগ করেছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিনি আজ (মঙ্গলবার) উত্তর প্রদেশের দেওরিয়ার রুদ্রপুরে এক সমাবেশে এ অভিযোগ করেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০১৬ ১৯:২২ Asia/Dhaka
  • কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী
    কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী

ভারতের কেন্দ্রীয় মোদি সরকার কৃষকদের বিভিন্ন সমস্যার দিকে নজর দিচ্ছে না বলে অভিযোগ করেছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিনি আজ (মঙ্গলবার) উত্তর প্রদেশের দেওরিয়ার রুদ্রপুরে এক সমাবেশে এ অভিযোগ করেন।

রাহুল গান্ধী বলেন, "মোদি সরকারের আমলে কৃষকরা নানা সমস্যায় জর্জরিত। কংগ্রেস সরকারের আমলে কৃষকদের ৭০ হাজার কোটি টাকার ঋণ মওকুফ করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী গত বছর তার বড় বড় শিল্পপতি বন্ধুদের ৫০ হাজার কোটি টাকারও বেশি ঋণ মাফ করে দিয়েছেন।" 

প্রধানমন্ত্রীর উদ্দেশে রাহুল বলেন, "ধনী লোকেদের, শিল্পপতিদের ঋণ মাফ করে দিচ্ছেন, কিন্তু কৃষকদের ঋণও কেন মওকুফ করে দিচ্ছেন না? যেভাবে আমরা কৃষকদের ৭০ হাজার কোটি টাকার ঋণ মাফ করে দিয়েছিলাম, সেভাবেই প্রধানমন্ত্রীকে উত্তর প্রদেশসহ সারা ভারতের কৃষকদের ঋণ মাফ করে দিতে হবে।"

তিনি কৃষকদের বিদ্যুতের বিল অর্ধেক করা হচ্ছে না কেন সে প্রশ্নও তোলেন। রাহুল বলেন, "আমরা এ জন্য যাত্রা শুরু করেছি যে, কৃষকদের কষ্টের কথা যেন মোদিজির কান পর্যন্ত পৌঁছায়। 

রাহুল বলেন, "এই জেলায় ১৭টি চিনিকল ছিল, আজ সবই বন্ধ হয়ে রয়েছে। এজন্য কেন্দ্রীয় সরকার এবং উত্তর প্রদেশ সরকারই দায়ী। এরা উত্তর প্রদেশের জনতাকে ভুলে গেছে। আমি আপনাদের আশ্বাস দিতে চাই যে, কেন্দ্রে বা রাজ্যে কোনো স্থানেই আমাদের সরকার নেই, যদিও আপনাদের দুর্ভোগে আমরাও ব্যথিত।"   

তিনি বলেন, "কৃষকরা ৪০ টাকা কেজি মূল্যে বিক্রি করলেও বাজারে ২০০ টাকা কেজিতে ডাল বিক্রি হয়। এই যে বিস্তর ফারাক তার ফায়দা মধ্যস্বত্বভোগীরা পাচ্ছে। আমি মোদিজিকে বলেছিলাম কৃষকদের রক্ষা করুন। আর এই রক্ষা করার তিনটি পথ রয়েছে তার মধ্যে অন্যতম হল, কৃষকদের ঋণ মওকুফ করে দেয়া।"

উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে সফল হওয়ার লক্ষ্যে রাজ্যে আড়াই হাজার কিলোমিটার পদযাত্রা করবেন রাহুল গান্ধী। আজ ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে আগামী মাসের ৯ অক্টোবর পর্যন্ত বিশেষ কর্মসূচি হাতে নিয়েছেন তিনি। তার কর্মসূচিতে উত্তর প্রদেশের ৩৯টি জেলার ৫৫টি লোকসভা কেন্দ্রসহ বিধানসভা কেন্দ্র রয়েছে ২৩৩টি।

উত্তর প্রদেশের ১০ শতাংশ ব্রাহ্মণ, অগ্রসর শ্রেণির ২০ শতাংশ, মুসলমাদের ১৯ শতাংশ এবং অনগ্রসর ও গরিবদের যে ৪০ শতাংশ ভোট রয়েছে তা নিজেদের ঝুলিতে পোরার লক্ষ্যে পথসভা ও রোড শো থেকে শুরু করে বাড়ি বাড়ি জনসংযোগও চালাবেন রাহুল গান্ধী। 

আজ থেকেই শুরু করেছেন ‘খাট সভা’ অর্থাৎ খাটিয়ায় বসে এলাকার সাধারণ মানুষ ও কর্মী-সমর্থকদের সুবিধা-অসুবিধার কথা শুনবেন রাহুল। অভিযোগ রয়েছে, গত ২৭ বছর ধরে মুলায়ম সিং যাদব, মায়াবতী এবং অখিলেশ যাদবের শাসনামলে উত্তর প্রদেশে কোনো উন্নতি হয়নি বরং বেহাল দশায় পরিণত হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগে এরইমধ্যে স্লোগান তোলা হয়েছে, ‘সাতাশ সাল, ইউপি বেহাল।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৬