কাশ্মিরে সেনাবাহিনীর কনভয়ে গেরিলা হামলা: ৩ জওয়ান আহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনাবাহিনীর এক কনভয়ে গেরিলা হামলায় ৩ জওয়ান আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ (বুধবার) সেনাবাহিনীর কনভয়টি যখন কুপওয়াড়া জেলার হান্দওয়াড়া শহরের ক্রালগুন্ড এলাকা দিয়ে যাচ্ছিল তখনই ওঁত পেতে বসে থাকা গেরিলারা আচমকা গুলিবর্ষণ করে। আহত সেনাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত এক জওয়ানকে এয়ারলিফটের মাধ্যমে শ্রীনগর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে হামলাকারীদের উদ্দেশ্যে পাল্টা গুলি চালানো হলেও তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। যদিও আক্রমণকারীরা সংখ্যায় কত জন ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের ধরার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।
এর আগে, গত ১৭ আগস্ট বারামুল্লার খাজাবাগ এলাকায় শ্রীনগর-বারামুল্লা মহাসড়কে সেনা কনভয়ে গেরিলারা আচমকা হামলা চালালে ২ সেনা জওয়ান, ১ পুলিশ কর্মী নিহত এবং ৫ জন আহত হয়।
গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে শ্রীনগরের নৌহাট্টা এলাকায় এক গেরিলা হামলায় সিআরপিএফের কমান্ডান্ট প্রমোদ কুমার নিহত হয়েছিলেন। ওই ঘটনায় দুই গেরিলাও বন্দুক যুদ্ধে নিহত হয়।
গত ৮ জুলাই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর অশান্ত কাশ্মির উপত্যাকায় এ নিয়ে দ্বিতীয় দফায় সেনাবাহিনীর কনভয়ে গেরিলা হামলার ঘটনা ঘটল।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৭