কাশ্মিরে এনসি নেতার বাসায় গেরিলা হামলা, রাইফেল লুট
https://parstoday.ir/bn/news/india-i19579-কাশ্মিরে_এনসি_নেতার_বাসায়_গেরিলা_হামলা_রাইফেল_লুট
কাশ্মিরে কুলগাম এলাকায় গেরিলারা ন্যাশনাল কনফারেন্সের (এনসি) এক নেতার বাসায় হামলা চালিয়ে সেখান থেকে ৬ টি রাইফেল লুট করে নিয়ে গেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ০৯:২৫ Asia/Dhaka
  • কাশ্মিরে এনসি নেতার বাসায় গেরিলা হামলা, রাইফেল লুট

কাশ্মিরে কুলগাম এলাকায় গেরিলারা ন্যাশনাল কনফারেন্সের (এনসি) এক নেতার বাসায় হামলা চালিয়ে সেখান থেকে ৬ টি রাইফেল লুট করে নিয়ে গেছে।

বুধবার গভীর রাতে আব্দুল রশিদ খান্ডে নামে ব্লক সভাপতির বাড়ির গার্ড রুমে গেরিলারা হামলা চালায়। এসময় তারা সেখান থেকে দুটি ইনসাস, একটি এসএলআর, দুটি এ কে ৪৭ এবং একটি ৩০৩ রাইফেল লুট করে নিয়ে যায়। ওই ঘটনার খবর পেয়ে পুলিশের সিনিয়র কর্মকর্তারা পরস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোটা এলাকা ‘সিল’ করে দিয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে গেরিলাদের ধরার জন্য চিরুনি তল্লাশি অভিযান শুরু হয়েছে। সেখানকার নিরাপত্তা কর্মীকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞসাবাদ চালাচ্ছে। দক্ষিণ কাশ্মিরে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দেয়া হয়েছে।  

অন্যদিকে, আজ ভোরে দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা থানায় গেরিলারা হামলা চালায়। এসময় গেরিলারা গুলি চালালে পুলিশের পক্ষ থেকে পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়া হয়।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘বৃহস্পতিবার ভোরে পুলওয়ামা থানায় গেরিলারা গ্রেনেড এবং স্বয়ংক্রিয় বন্দুকের সাহায্যে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়।’

থানায় হামলার ঘটনায় কোনো পক্ষেই ক্ষয়ক্ষতি হয়নি। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৮