কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ২ যুবক, আহত ৫০
https://parstoday.ir/bn/news/india-i19774-কাশ্মিরে_নিরাপত্তা_বাহিনীর_গুলিতে_আরও_২_যুবক_আহত_৫০
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদী জনতার সংঘর্ষের সময় গুলিতে আরও দুই যুবক নিহত হয়েছেন। এ নিয়ে গত ৬৪ দিনে সেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮ জনে। এছাড়া, ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৬ ১৩:১৪ Asia/Dhaka
  • কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ২ যুবক, আহত ৫০

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদী জনতার সংঘর্ষের সময় গুলিতে আরও দুই যুবক নিহত হয়েছেন। এ নিয়ে গত ৬৪ দিনে সেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮ জনে। এছাড়া, ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে।

আজ (শনিবার) দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর পেলেটগানের ছররা গুলি বিদ্ধ হয়ে ইয়াওয়ার আহমেদ দার (২৩) নামে এক যুবক নিহত হন। বুকে এবং পেটে ছররা গুলি লাগলে গুরুতর আহত হন ওই যুবক। তাকে অনন্তনাগ জেলা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।  

একটি সূত্রে প্রকাশ, আজ সকালে সোপিয়ানে প্রচুর সংখ্যায় বিক্ষোভকারী সড়কে নেমে মিছিল শুরু করে। এ সময় উত্তেজিত জনতার মধ্যে থেকে কয়েকজন যুবক নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়। শেলের আঘাতে এখানে সায়ির আহমেদ শেখ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়।

ওই যুবক নিহত হওয়ার পরেই প্রতিবাদী জনতা আরো বিক্ষুব্ধ হয়ে উঠলে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত জওয়ান মোতায়েন করতে হয়।

অনন্তনাগে অন্য একটি ঘটনায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী তাদের উপরে পেলেটগান ব্যবহার করলে ইয়াওয়ার আহমেদ দার নামে এক যুবক নিহত হন।  

আজ কাশ্মির উপত্যাকার গাজিকুন্ড, কুপওয়াড়া প্রভৃতি স্থানেও  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে। গুরুতর আহতদের শ্রীনগরে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার জুমা নামাজকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তি না হয় সেজন্য গতকাল সকাল থেকে বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়। আজ শনিবার কারফিউ তুলে নিতেই নতুন করে প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে হতাহতের ঘটনা ঘটে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১০