কাশ্মিরে সেনা ব্রিগেড সদর দফতরে হামলা: ১৭ সেনা ও ৪ গেরিলা নিহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বারামুল্লার উরি সেক্টরে সেনাবাহিনীর ব্রিগেড সদর দফতরে হামলায় ১৭ জওয়ানসহ ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন সন্দেহভাজন গেরিলা। এসময় সেনাবাহিনীর ২০ জন জওয়ান আহত হয়েছেন। ২০১৪ সাল থেকে কাশ্মিরের উত্তরাঞ্চলে চালানো গেরিলা হামলাগুলোর মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে দাবি করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নির্ধারিত বিদেশ সফর বাতিল করে জরুরি বৈঠক ডেকেছেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সোমবার রাজনাথ সিংয়ের রাশিয়া এবং আমেরিকা সফরে যাওয়ার কথা ছিল।
ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, চারজন ‘ফিদায়িন’ (আত্মঘাতী) উরির ওই ঘাঁটিতে অনুপ্রবেশ করে হামলা চালায়, ছয় ঘন্টার ধরে চলা লড়াইয়ে তারা সবাই নিহত হয়েছেন।
পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, গেরিলারা শিবিরের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে গোলাগুলি ও বিস্ফোরণ চালানো হয়।
আজ (রোববার) ভোর সাড়ে ৫ টা নাগাদ গেরিলারা ওই ভয়াবহ হামলা চালায়। সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা জবাব দেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনীর গুলিতে ৪ গেরিলা নিহত হয়েছে।
সংঘর্ষের সময় কয়েকটি ব্যারাকে আগুন ধরে গেছে। আহত সেনা জওয়ানদের হেলিকপ্টারের সাহায্যে সেনাবাহিনীর বাদামি বাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর স্পেশাল ফোর্স মাঠে নেমেছে। অন্য একটি সূত্রে প্রকাশ, গেরিলাদের নির্মূল করতে হেলিকপ্টারের সাহায্যে প্যারা কমান্ডো নামানো হয়।
অত্যন্ত সুরক্ষিত সেনাবাহিনীর ব্রিগেড সদর দফতরে গেরিলা কীভাবে ঢুকে পড়ল তা এখনো স্পষ্ট হয়নি। গেরিলারা ভারত-পাক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে ওই হামলা চালিয়েছে না, এখানকার কোনো গেরিলা গোষ্ঠী হামলা চালিয়েছে তা জানার চেষ্টা করছে সেনাবাহিনী। #
পার্সটুডে/এমএএইচ/এআর/১৮