কাশ্মিরের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রশাসনের কর্তব্য : মোদি
https://parstoday.ir/bn/news/india-i21160-কাশ্মিরের_মানুষের_নিরাপত্তা_সুনিশ্চিত_করা_প্রশাসনের_কর্তব্য_মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘কাশ্মিরের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রশাসনের কর্তব্য এবং প্রশাসন তা করবে।’ আজ (রোববার) রেডিওতে ‘মন কী বাত’ বা মনের কথা অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৬ ১৪:৪৫ Asia/Dhaka
  • কাশ্মিরের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রশাসনের কর্তব্য : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘কাশ্মিরের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রশাসনের কর্তব্য এবং প্রশাসন তা করবে।’ আজ (রোববার) রেডিওতে ‘মন কী বাত’ বা মনের কথা অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন।

কাশ্মিরের উরি সেক্টরে গেরিলা হামলায় নিহত ১৮ সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা সন্তান, ভাই বা তাদের স্বামীকে হারিয়েছেন, এই ক্ষতি শুধু তাদের নয়, এটা গোটা দেশের ক্ষতি। আমি আবারো বলছি অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে।’

তিনি বলেন, সেনাবাহিনীর প্রতি দেশের পূর্ণ আস্থা আছে। ওদের জন্য আমরা গর্বিত। সাধারণ নাগরিক, রাজনৈতিক নেতা সকলের নিজস্ব মতামত ব্যক্ত করার সুযোগ আছে, তারা তা করেও থাকেন। কিন্তু আমাদের সেনাবাহিনী বেশি কথা বলে না, তারা বীরত্বেই জবাব দেয়।’ সেনাবাহিনী ভবিষ্যতে বীরত্বের সঙ্গে এ ধরণের ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে বলে তিনি মন্তব্য করেন।   

প্রধানমন্ত্রী বলেন, ‘কাশ্মিরিরা দেশবিরোধী শক্তিকে বুঝতে শুরু করেছেন। তারা শান্তি ও উন্নয়নের পথে চলতে চান। বাবা মায়েরা চান, অশান্তি শেষ হোক, দ্রুত চালু হোক ছেলেমেয়েদের স্কুল, কলেজ। কাশ্মিরীরা চান, তাদের খাদ্য ও ফলমূল পৌঁছে যাক গোটা দেশের বাজারে। ব্যবসা-বাণিজ্য মসৃণভাবে চলুক।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সকলে একসাথে সমস্যার সমাধান করব। কাশ্মিরের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করব।’

‘শান্তি, ঐক্য ও সম্প্রীতি’র মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারে এবং আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫