কাশ্মির নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য 'মিথ্যাচারের সঙ্কলন': পাকিস্তান
https://parstoday.ir/bn/news/india-i21295-কাশ্মির_নিয়ে_ভারতীয়_পররাষ্ট্রমন্ত্রীর_বক্তব্য_'মিথ্যাচারের_সঙ্কলন'_পাকিস্তান
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জাতিসংঘে দেয়া বক্তব্যে বলেছেন, ‘জম্মু-কাশ্মির চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং তা থাকবেও। পাকিস্তানকে কাশ্মির দখলের স্বপ্ন ছাড়তে হবে।’ সোমবার জাতিসংঘে দেয়া বক্তব্যে সুষমা স্বরাজ ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০১৬ ০৮:০২ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি
    জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জাতিসংঘে দেয়া বক্তব্যে বলেছেন, ‘জম্মু-কাশ্মির চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং তা থাকবেও। পাকিস্তানকে কাশ্মির দখলের স্বপ্ন ছাড়তে হবে।’ সোমবার জাতিসংঘে দেয়া বক্তব্যে সুষমা স্বরাজ ওই মন্তব্য করেন।

পাকিস্তানের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে সুষমা বলেন, ‘যারা কাঁচের ঘরে বাস করেন তাদের অন্যকে পাথর ছোড়া উচিত নয়। বেলুচিস্তানে আপনারা যা করছেন তা রাষ্ট্রীয় পীড়নের ভয়ঙ্করতম নজির।’

জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি অবশ্য সুষমার বক্তব্যকে নাকচ করে দিয়ে একে ‘মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগের সঙ্কলন’ বলে অভিহিত করেছেন।

মালিহা লোধির দাবি, ‘সবচেয়ে বড় মিথ্যাচার হল, কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ।’

জাতিসংঘে ভারতের প্রতিনিধি ইনম গম্ভীর অবশ্য লোধির দাবিকে নাকচ করে ‘কাশ্মির ভারতের অভিন্ন অংশ এবং সবসময় তা-ই থাকবে’ বলে মন্তব্য করেছেন।

মালিহা লোধির টুইট

জাতিসংঘে সুষমার বক্তব্য দেয়ার পর পাক প্রতিনিধি মালিহা লোধি টুইটার বার্তায় বলেন, ‘কাশ্মির নিয়ে বিতর্ক আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটি জাতিসংঘের এজেন্ডার সবচেয়ে প্রাচীনতম বিষয়। গোটা বিশ্ব তা জানে।’

তিনি আরো বলেন, ‘ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মিথ্যাচারের সঙ্কলন এবং ভিত্তিহীন অভিযোগ। সবচেয়ে বড় মিথ্যাচার হল, কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।’

লোধি আরো বলেন, দ্বিতীয় মিথ্যা হল, কাশ্মিরের কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না। যদিও সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত।

তিনি জাতিসংঘে সুষমা স্বরাজের পক্ষ থেকে বেলুচিস্তান প্রসঙ্গ তোলারও সমালোচনা করেছেন। লোধির মতে, ‘একটি অভ্যন্তরীণ বিষয়কে জাতিসংঘে তোলা আসলে জাতিসংঘ সনদের নীতিমালা এবং আন্তর্জাতিক নিয়মের ঘোর লঙ্ঘন।’

অন্যদিকে, জার্মানিতে এক অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, ‘কাশ্মির সমস্যা ঐতিহাসিক। কাশ্মিরকে ভারতের অংশ বলে জাতিসংঘের প্রস্তাবই মানছে না তারা।’

গত বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জাতিসংঘে কাশ্মিরে নিপীড়ন নিয়ে কথা বললেও কাশ্মিরের উরিতে গেরিলা হামলা নিয়ে কোনো কথা বলেননি।

জাতিসংঘে সুষমা স্বরাজ

অন্যদিকে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানের বেলুচিস্তানে মানবাধিকার নিয়ে সরব হলেও কাশ্মিরের অভ্যন্তরে সহিংস ঘটনা নিয়েও কোনো মন্তব্য করেননি।

জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি ইনম গম্ভীর পাক প্রতিনিনিধির উদ্দেশ্যে সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, সামরিক অভিযান সত্ত্বেও এখনো পর্যন্ত কেন পাকিস্তানে সন্ত্রাসবাদের অভয়ারণ্য সমৃদ্ধ হচ্ছে? 

সোমবার জাতিসংঘে সুষমা স্বরাজ বলেন, ‘সন্ত্রাসবাদই হল সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন। ঢাকা, ইস্তানবুল, কাবুলসহ বিভিন্ন জায়গায় হামলার ঘটনার উল্লেখ করে বলেন, যারা হিংসার বীজ বোনে, তাদেরকেই তার ফল ভোগ করতে হয়। ইতিহাস এর সাক্ষী।

সুষমার প্রশ্ন, ‘কারা এই সন্ত্রাসীদের অস্ত্রশস্ত্র দেয়? কারা এদের অর্থ দিয়ে মদদ জুগিয়ে চলেছে? সন্ত্রাসবাদ আজ একটা দৈত্যের আকার ধারণ করেছে। গোটা বিশ্বকে এর  বিরুদ্ধে রণনীতিতে শামিল হতে হবে। আর কোনও দেশ যদি তাতে শামিল হতে না চায়, তাহলে তাদের একঘরে করে দেয়া হোক। তাদের জবাবদিহি সুনিশ্চিত করা হোক।’

তিনি বলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে সেইসব দেশও সমান দোষী, যারা এসব করতে দিচ্ছে।’

জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলিষ্ঠভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে সমর্থ হওয়ায় সুষমাকে টুইটার বার্তায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সুষমা স্বরাজ জাতিসংঘে নতুন বিশেষ কিছু বলেননি বলেই বিশ্লেষকরা মনে করছেন। ভারতীয় নেতারা ওইসব কথা আগেই নানাভাবে তুলে ধরেছেন। #

পার্সটুডে/এমএএইচ/এআর/২৭