নিয়ন্ত্রণরেখা পেরিয়ে আজাদ কাশ্মিরে ভারতের হামলা, পাকিস্তানের নিন্দা
https://parstoday.ir/bn/news/india-i21472-নিয়ন্ত্রণরেখা_পেরিয়ে_আজাদ_কাশ্মিরে_ভারতের_হামলা_পাকিস্তানের_নিন্দা
নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল গভীর রাতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ওই হামলা চালানো হয় বলে আজ (বৃহস্পতিবার) ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও লে. জেনারেল রণবীর সিং এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এক যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০১৬ ১১:২৫ Asia/Dhaka
  • যৌথ সংবাদ সম্মেলনে লে. জেনারেল রণবীর সিং এবং  বিকাশ স্বরূপ
    যৌথ সংবাদ সম্মেলনে লে. জেনারেল রণবীর সিং এবং বিকাশ স্বরূপ

নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল গভীর রাতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ওই হামলা চালানো হয় বলে আজ (বৃহস্পতিবার) ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও লে. জেনারেল রণবীর সিং এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এক যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন।  

ডিজিএমও বলেন, ‘পাক অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী গতিবিধির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী সেখানে হামলা চালায়। তারা ভারতে ঢুকে নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল। ওই হামলায় অনেক সন্ত্রাসী নিহত হয়েছে।’

ভারতীয় সেনাদের হামলায় সন্ত্রাসীদের পাশাপাশি তাদের সাহায্যকারীদেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে ডিজিএমও জানিয়েছেন।    

নওয়াজ শরীফ

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ওই হামলা প্রসঙ্গে বলেন, ‘আমরা এই হামলার নিন্দা করছি। শান্তির জন্য আমরা যে চেষ্টা চালাচ্ছি, তাকে আমাদের দুর্বলতা ভাবা উচিত নয়।’

নওয়াজ শরীফ বলেছেন, ‘আমরা দেশ রক্ষা করার জন্য প্রস্তুত। পাকিস্তানের দু’জন সেনা নিহত হয়েছে। ভারত বিনা উসকানিতে আক্রমণাত্মক হয়ে চলেছে।’

কাশ্মিরের উরিতে গেরিলা হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ভারতের পক্ষ থেকে ওই হামলার নেপথ্যে পাকিস্তানের মদদ থাকার কথা বলা হলেও পাকিস্তান ওই দাবিকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। যদিও ভারতের পক্ষ থেকে পাল্টা জবাব দেয়ার কথা বলা হয়। অবশেষে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর হামলা চালানোর কথা প্রকাশ্যে এল।

ভারতীয় সেনাবাহিনীর এই অভিযানকে বলা হচ্ছে ‘সার্জিক্যাল স্ট্রাইক’। এই ধরনের অভিযানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতে অনুপ্রবেশ ও হামলা চালাতে প্রস্তুত সন্ত্রাসীগোষ্ঠীর ওপর হামলা চালানো হয়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৯