ভারতের উত্তর প্রদেশে কাশ্মিরি ছাত্রদের পণবন্দি করে ব্যাপক লুটপাট
https://parstoday.ir/bn/news/india-i21775-ভারতের_উত্তর_প্রদেশে_কাশ্মিরি_ছাত্রদের_পণবন্দি_করে_ব্যাপক_লুটপাট
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ‘গ্লোবাল কলেজ অব ল’র হোস্টেলে কাশ্মিরি ছাত্রদের পণবন্দি করে দুর্বৃত্তরা ব্যাপক লুটপাট চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০২, ২০১৬ ১৪:৪৯ Asia/Dhaka
  • ভারতের উত্তর প্রদেশে কাশ্মিরি ছাত্রদের পণবন্দি করে ব্যাপক লুটপাট

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ‘গ্লোবাল কলেজ অব ল’র হোস্টেলে কাশ্মিরি ছাত্রদের পণবন্দি করে দুর্বৃত্তরা ব্যাপক লুটপাট চালিয়েছে।

আজ (রোববার) গণমাধ্যমে প্রকাশ, শুক্রবার গভীর রাতে কমপক্ষে ৫/৬ জন সশস্ত্র দুর্বৃত্ত হোস্টেলের প্রাচীর টপকে কাশ্মিরি ছাত্রদের গুলির ভয় দেখিয়ে ল্যাপটপ, ঘড়ি, নগদ অর্থসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় কয়েকজন ছাত্র তাদের বাধা দিলে তারা ওই ছাত্রদের মারধর ও গালিগালাজ করে।   

দুর্বৃত্তরা প্রায় ৩ ঘণ্টা ধরে কলেজে রাখা কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, পাখা, বাইক ইত্যাদি নিয়ে যায়। নিজেদের পরিচয় গোপন করার জন্য তারা কলেজে লাগানো সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলে। দুর্বৃত্তরা মিনি ট্রাকে করে লুট করা সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এসপি (গ্রামীণ) রাকেশ পান্ডের দাবি, দুর্বৃত্তদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। শিগগিরি তাদের গ্রেফতার করা হবে।   

একটি সূত্রে প্রকাশ, ওই ল’ কলেজটিতে ২ ছাত্রীসহ মোট ১৩ জন কাশ্মিরি শিক্ষার্থীর জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে। দুর্বৃত্তরা প্রথমে ছেলেদের হোস্টেলে গিয়ে তাদের গুলি করে মারার হুমকি দিয়ে গেট খোলায়। পরে বন্দুকের মুখে কাপড় দিয়ে তাদের হাত বেঁধে ফেলা হয় এবং একটি ঘরে ঢুকিয়ে দেয়া হয়। দুর্বৃত্তরা ছাত্রদের কাছ থেকে লক্ষাধিক টাকা, ৩টি ল্যাপটপ, মোবাইল ঘড়ি এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ সময় অকথ্য ভাষায় তারা গালাগালিও করে।

কাশ্মিরি ওই ছাত্ররা অনন্তনাগ, কুপওয়ারা, বারামুল্লা, শ্রীনগর এবং জম্মুর কঠুয়া জেলার বাসিন্দা।

ছাত্রদের হোস্টেল থেকে লুটপাট শেষে তারা ছাত্রীদের হোস্টেলে গিয়ে ঘুমন্ত দুই ছাত্রীকে ছুরি দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা এবং অলঙ্কার লুট করে। দুর্বৃত্তরা ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারও করে।

এরপর ওই দুর্বৃত্তরা কলেজে ঘুমিয়ে থাকা এক কর্মীকে গুলি করার হুমকি দিয়ে তার কাছ থেকে প্রধান রুমের চাবি নিয়ে নেয়। এরপরেই প্রায় ৫০টি কম্পিউটার, ৩৫টি পাখা, ইনভার্টার, ওয়াই-ফাই রাউটার, এলসিডি টিভি, ওয়াটার কুলার, ফ্রিজ, গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য সামগ্রী লুট করে।  

কলেজের চেয়ারপার্সন মোহিন্দ্রি সত্যার্থী কলেজের নিরাপত্তা ঘাটতির কথা স্বীকার করেছেন। পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কলেজ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হবে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২