ভারতীয় সেনা ক্যাম্পে আবার হামলা: নিহত ৩
https://parstoday.ir/bn/news/india-i22114-ভারতীয়_সেনা_ক্যাম্পে_আবার_হামলা_নিহত_৩
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কুপওয়ারা জেলার একটি সেনা ক্যাম্পে আজ (বৃহস্পতিবার) খুব ভোরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ভারতের এনডিটিভি, দ্যা হিন্দু এবং দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসহ বহু সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। ৩০ রাষ্ট্রীয় রাইফেলসের ব্যাটালিয়ন সদরদপ্তরে এ হামলা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৬, ২০১৬ ০৯:৩৯ Asia/Dhaka
  • কাশ্মিরের একটি সেনা ক্যাম্প
    কাশ্মিরের একটি সেনা ক্যাম্প

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কুপওয়ারা জেলার একটি সেনা ক্যাম্পে আজ (বৃহস্পতিবার) খুব ভোরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ভারতের এনডিটিভি, দ্যা হিন্দু এবং দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসহ বহু সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। ৩০ রাষ্ট্রীয় রাইফেলসের ব্যাটালিয়ন সদরদপ্তরে এ হামলা হয়।

এসব মাধ্যম বলছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন সন্দেহভাজন গেরিলা নিহত হয়েছে। এনডিটিভি'র খবরে দাবি করা হয়েছে, "নিহত গেরিলাদের কাছ থেকে কিছু খাদ্য ও ওষুধ উদ্ধার করা হয়েছে যাতে পাকিস্তানের সিল মারা আছে। এসব সন্ত্রাসী ভারী অস্ত্রে সজ্জিত হয়ে পাকিস্তান থেকে কাশ্মিরে আসে।"

দ্যা হিন্দুর খবরে বলা হয়েছে, “ভোর ৫টার দিকে গেরিলারা ক্যাম্পে হামলা করে এবং ১৫-২০ মিনিট তা স্থায়ী হয়। সেনারা বিশেষভাবে সতর্ক ছিল এবং সহজেই হামলা ব্যর্থ করে দিয়েছে।” বন্দুকযুদ্ধ বন্ধের পরপরই ক্যাম্পের আশপাশে তল্লাশি অভিযান শুরু হয়।

গত পাঁচদিনের মধ্যে কাশ্মিরের ভারতীয় সেনা ক্যাম্পে এ নিয়ে দ্বিতীয়দফা হামলা হলো। রোববার বারামুলা জেলার একটি সেনা ক্যাম্পে একই ধরনের গেরিলা হামলায় অন্তত এক সেনা নিহত ও একজন আহত হয়েছিল।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬