কাশ্মিরে সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে ১ বিএসএফ জওয়ান নিহত
https://parstoday.ir/bn/news/india-i24448-কাশ্মিরে_সীমান্তে_পাকিস্তানি_সেনাদের_গুলিতে_১_বিএসএফ_জওয়ান_নিহত
জম্মু-কাশ্মিরে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া রাজৌরির বালাকোট এবং মেন্ধর সেক্টরে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গুলিবর্ষণের মধ্যে বিএসএফের এক জওয়ান নিহত এবং অপরজন আহত হয়েছে। আহত জওয়ানকে উধমপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।   
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ৩১, ২০১৬ ১৫:১০ Asia/Dhaka
  • আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ
    আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ

জম্মু-কাশ্মিরে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া রাজৌরির বালাকোট এবং মেন্ধর সেক্টরে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গুলিবর্ষণের মধ্যে বিএসএফের এক জওয়ান নিহত এবং অপরজন আহত হয়েছে। আহত জওয়ানকে উধমপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

আজ (সোমবার) নিয়ন্ত্রণরেখা বরাবর উভয়পক্ষের মধ্যে গুলি চলার সময় ওই হতাহতের ঘটনা ঘটে। এ সময় ভারতীয় সেনারা পাক সেনাদের উদ্দেশ্যে পাল্টা গুলি চালিয়ে কড়া জবাব দেয়।  

সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, আজ সকাল ৯ টা থেকে বালাকোট সেক্টরে পাক সেনারা ১২০ এবং ৪২ মি.মি মর্টার ছোঁড়ে এবং স্বয়ংক্রিয় অস্ত্রের মাধ্যমে গুলি চালায়। ভারতীয় সেনারা এর পাল্টা জবাব দিয়েছে।   

গতকাল রোববার রাতেও আর এস পুরা সেক্টরে পাক রেঞ্জার্সরা দু’টি জায়গায় ছোট অস্ত্রের মাধ্যমে এবং সুচেতগড়ে মর্টার হামলা চালায়। হীরানগর সেক্টরেও পাকিস্তানের দিক থেকে গুলি চালানো হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর পাল্টা জবাব দেয়।  

এসব ঘটনায় সীমান্ত এলাকায় বসবাসকারী লোকেদের মধ্যে ব্যাপক ত্রাসের সৃষ্টি হয়েছে। ভয়েই এখনো বেশিরভাগ লোকজন বাড়ি ফিরতে চাচ্ছে না। সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে ৫০ হাজারেরও বেশি মানুষ নিরপদ স্থানে আশ্রয় নিয়েছে। এদের অনেকে দূরে আত্মীয়-স্বজনদের বাসায় গিয়ে রয়েছে এবং কিছু মানুষ সরকারি শিবিরে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে তারা বাসায় ফিরবেন না। শিশুরা যাতে নিরাপদে থাকে সেজন্য সীমান্ত লাগোয়া গ্রামের কয়েকশ’ স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। 

একটি সূত্রে প্রকাশ, পাকিস্তানের গুলিতে এ পর্যন্ত ২৫ জনের বেশি বেসামরিক ব্যক্তি  আহত এবং কয়েকশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩১