কাশ্মির সংকট: মুখ্যমন্ত্রী মেহবুবার পদত্যাগ চাইলেন ফারুক আবদুল্লাহ
-
মেহবুবা মুফতি ও ফারুক আবদুল্লাহ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পদত্যাগ চাইলেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ। কাশ্মির পরিস্থিতি নিয়ন্ত্রণে মেহবুবা ব্যর্থ হয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন।
আজ (বুধবার) গণমাধ্যমে প্রকাশ, ‘ফারুক আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, আমাকে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, একজন নারী মুখ্যমন্ত্রী রাজ্যকে কার্যকরভাবে চালাতে সক্ষম হচ্ছেন না। তিনি তার পদ থেকে পদত্যাগ করুন।’
ভারত-পাক চলমান উত্তেজক সম্পর্ক প্রসঙ্গে ফারুক বলেন, ‘ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত পরিবর্তন করা সম্ভব নয়। এক্ষেত্রে সংলাপই একমাত্র পথ। ভারত শক্তিশালী রাষ্ট্র। সংলাপের চেষ্টা চালানো উচিত।’
তিনি বলেন, ‘ভারত-পাক সীমান্তে উত্তেজনা বন্ধ হওয়া উচিত। যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। দুই দেশের মধ্যে আলোচনা প্রয়োজন যাতে সমস্যার সমাধান সম্ভব হয়।’
ফারুক আবদুল্লাহ বলেন, ‘সীমান্তে গোলাগুলির ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। মানুষজন বিপর্যস্ত হয়ে পড়েছে। সীমান্ত সংলগ্ন ৪০০ স্কুল বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে চার মাসের বেশি সময় ধরে স্কুল বন্ধ হয়ে রয়েছে।’
তিনি বলেন, ‘রাজ্য অন্ধকার অন্ধকার যুগ অতিবাহিত করছে। এখানে উন্নয়ন থেমে গেছে, অর্থব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশ্মিরে কমপক্ষে ১০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বাণিজ্য থেকে শুরু করে হাসপাতাল, সড়ক সবই বেহাল অবস্থায় রয়েছে।’
বিজেপি ভোট পাওয়ার জন্য রাজ্যবাসীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল এবং প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন বাস্তবে সেসব কিছুই দেখা যাচ্ছে না বলেও ফারুক আবদুল্লাহ মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৯