জম্মু-কাশ্মিরের মছিল সেক্টরে পাক বাহিনীর হামলায় ৩ ভারতীয় সেনা নিহত
-
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মির সীমান্তে পাক বাহিনীর হামলায় ৩ ভারতীয় সেনা নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিয়ন্ত্রণরেখা বরাবর মছিল সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে ৩ ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছে। এদের মধ্যে এক জওয়ানের অঙ্গহানি করা হয়েছে বলে ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে গত এক মাসের মধ্যে দ্বিতীয় দফায় ভারতীয় সেনা জওয়ানের লাশ বিকৃত করার অভিযোগ উঠল।
সেনাবাহিনীর নর্দান কম্যান্ডের পক্ষ থেকে ওই ঘটনাকে কাপুরুষোচিত বলে অভিহিত করে এর প্রতিশোধ নেয়া হবে বলে জানানো হয়েছে।
ভাইস চিফ অব আর্মি লে.জেনারেল বিপিন রাওয়াত বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকারকে জানিয়েছেন। সেনাবাহিনীকে ওই ঘটনার পর পাল্টা পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
জম্মু-কাশ্মিরের উপ-মুখ্যমন্ত্রী নির্মল সিং এর তীব্র নিন্দা জানিয়েছেন।
শিবসেনা নেতা সঞ্জয় রাউত ওই ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে বলেছেন, কবে এর প্রতিশোধ নেয়া হবে তা সরকারকে বলতে হবে।
গত ২৯ অক্টোবর নিয়ন্ত্রণ রেখা বরাবর মছিলে গেরিলারা সেনা সদস্যদের বিরুদ্ধে গুলিবর্ষণ করলে সেনা জওয়ান নিহত হয়। গেরিলারা সেসময় নিহত মনদীপ সিং নামে এক জওয়ানের লাশকে ক্ষতবিক্ষত করেছিল।
গত সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মিরে সার্জিক্যাল স্ট্রাইক করার পর থেকে পাকিস্তানের পক্ষ থেকে বারবার গুলি চালানোর ঘটনায় এ পর্যন্ত ১৭ ভারতীয় জওয়ান নিহত হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/২২