কাশ্মিরিদের দিনের পর দিন উপেক্ষা করা হয়েছে: ইউসুফ তারগামি
https://parstoday.ir/bn/news/india-i26587-কাশ্মিরিদের_দিনের_পর_দিন_উপেক্ষা_করা_হয়েছে_ইউসুফ_তারগামি
জম্মু-কাশ্মিরের সিপিআই(এম) নেতা মুহাম্মদ ইউসুফ তারিগামি বলেছেন, ‘কাশ্মিরিদের দিনের পর দিন উপেক্ষা করা হয়েছে। তাদের দেয়া প্রতিশ্রুতি কোনোদিনই পালিত হয়নি। কয়েক যুগ ধরে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে বিক্ষোভের মাধ্যমে।’ গতকাল (বুধবার) সিপিআই(এম) মুম্বাই শাখার উদ্যোগে আয়োজিত কাশ্মির বিষয়ক এক আলোচনা সভায় তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২৪, ২০১৬ ০৮:৩৮ Asia/Dhaka
  • মুহাম্মদ ইউসুফ তারিগামি
    মুহাম্মদ ইউসুফ তারিগামি

জম্মু-কাশ্মিরের সিপিআই(এম) নেতা মুহাম্মদ ইউসুফ তারিগামি বলেছেন, ‘কাশ্মিরিদের দিনের পর দিন উপেক্ষা করা হয়েছে। তাদের দেয়া প্রতিশ্রুতি কোনোদিনই পালিত হয়নি। কয়েক যুগ ধরে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে বিক্ষোভের মাধ্যমে।’ গতকাল (বুধবার) সিপিআই(এম) মুম্বাই শাখার উদ্যোগে আয়োজিত কাশ্মির বিষয়ক এক আলোচনা সভায় তিনি ওই মন্তব্য করেন।

ইউসুফ তারিগামি বলেন, ‘কাশ্মির উপত্যাকায় সাধারণ মানুষের পরিবর্তে নিরাপত্তা বাহিনীর ওপরই যাবতীয় আস্থা রাখা হয়েছে। কিন্তু তাদের কাজ সীমান্ত পাহারা দেয়া। কোনো রাজ্যে আইন বলবৎ করতে সেনাবাহিনীকে ব্যবহার করা যায় না।’

ইউসুফ তারিগামি বলেন, ‘আত্মতুষ্টি, অবহেলা এবং যুদ্ধ কাশ্মির সমস্যার কোনো সমাধান নয়। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক গ্রহণযোগ্যতার মাধ্যমে বিশ্বাসযোগ্য ও আন্তরিক সংলাপের প্রয়োজন। একইসঙ্গে বিচ্ছিন্নতাবাদীসহ সব পক্ষের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন।’

মুম্বাইয়ের ওই আলোচনা সভায় বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত ১০ নভেম্বর পশ্চিমবঙ্গের কোলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ইউসুফ তারিগামি বলেছিলেন, ‘কেন্দ্রীয় সরকার এবং আরএসএস সমস্ত কাশ্মিরিকে পাকিস্তানি বলে মনে করছে। কাশ্মিরিরা জিন্নাহ’র মুসলিম রাষ্ট্রের পরিবর্তে সেক্যুলার ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল ; হিন্দু ভারতে নয়। প্রধানমন্ত্রী নিজেকে হিন্দু জাতীয়তাবাদী বলছেন। স্বাধীনতা দিবসের বক্তব্যে নিরীহ কাশ্মিরিদের মৃত্যু সম্পর্কে তার কোনো কথা শোনা যায়নি।’

কেন্দ্রীয় সরকার অবিলম্বে কাশ্মিরিদের সঙ্গে আলোচনায় বসুক বলেও তারিগামি সেসময় মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৪