আমাকে গ্রেফতার করানোর ক্ষমতা মোদির নেই: মমতা বন্দোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i27031-আমাকে_গ্রেফতার_করানোর_ক্ষমতা_মোদির_নেই_মমতা_বন্দোপাধ্যায়
ভারতে নোট বাতিল ইস্যুতে উত্তর প্রদেশে এক প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘ছুপা রুস্তম’ হয়ে দেশকে লুট করছেন মোদি।"
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২৯, ২০১৬ ১৬:২৪ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদি
    মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদি

ভারতে নোট বাতিল ইস্যুতে উত্তর প্রদেশে এক প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘ছুপা রুস্তম’ হয়ে দেশকে লুট করছেন মোদি।"

মমতা আজ (মঙ্গলবার) লক্ষনৌতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘নোট বাতিলের প্রতিবাদে সংসদ থেকে সড়ক পর্যন্ত বিরোধিতা করে যাব। প্রত্যেক রাজ্যে গিয়ে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। যদি সাহস থাকে আমাকে গ্রেফতার করুন। কয়েকটি রাজ্যে বিজেপি’র সরকার ক্ষমতায় রয়েছে, আমাকে গ্রেফতার করানোর ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই।’    

মমতা আজ কেন্দ্রীয় সরকার ও বিজেপি’র বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘বিজেপি নেতারা আগে থেকেই নিজেদের অর্থ বিদেশে পাঠিয়ে দিয়েছেন। এর পরেই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের আদেশ জারি করা হয়।’

মমতা বন্দ্যোপাধ্যায় নোট বাতিলের সিদ্ধান্তকে ‘ব্ল্যাক ইমারজেন্সি’ বলে অভিহিত করেন। অবিলম্বে নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান তিনি। সুইস ব্যাংক থেকে কালো টাকা দেশে ফেরানো হল না কেন- সে প্রশ্নও উত্থাপন করেন   মমতা।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মমতা আজ বলেন, ‘সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী। শিশুদের মুখের খাবার থেকে শুরু করে যুবকদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছেন। ১০০০ টাকা কালো হলে কী ২০০০ টাকা কালো হতে পারে না?’

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পরে এখন ব্যাংক থেকে নতুন ২০০০ টাকার নোট দেয়া হচ্ছে।

মমতা প্রধানমন্ত্রীকে তুঘলক এবং হিটলারের চেয়েও বেশি স্বেচ্ছাচারী শাসক বলে  অভিহিত করেন। তিনি বলেন, ‘মোদির জন্য দেশের স্বাধীনতা আজ বিপদের মুখে। ভারত কোনো ব্যক্তি বিশেষের মর্জিতে নয় বরং জনতার মর্জিতে চলে এটা মোদিকে মোনে রাখতে হবে। মোদি জবরদস্তি করছেন। জরুরি অবস্থার সময়েও এমন হয়নি।’

সভা শেষে মমতা নিজেই ‘তানাশাহি নেহি চলে গা’, ‘মোদিজি হায় হায়’ প্রভৃতি স্লোগান তোলেন। তার সঙ্গে কণ্ঠ মেলান সমাবেশে উপস্থিত অসংখ্য জনতা।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৯