আমি মুখ খুললে ভূমিকম্প হবে- রাহুল, রবিশঙ্কর বললেন-বিতর্ক থেকে পালাচ্ছেন রাহুল
https://parstoday.ir/bn/news/india-i27799-আমি_মুখ_খুললে_ভূমিকম্প_হবে_রাহুল_রবিশঙ্কর_বললেন_বিতর্ক_থেকে_পালাচ্ছেন_রাহুল
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, ‘প্রধানমন্ত্রী সংসদে আসতে ভয় পাচ্ছেন, উনি সংসদে এসে আমাদের সঙ্গে বিতর্ক করুন। আমাকে বলতে দেয়া হচ্ছে না। আমি মুখ খুললে ভূমিকম্প শুরু হবে।’ আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ০৯, ২০১৬ ১৬:২৮ Asia/Dhaka
  • নোট ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে রাহুল গান্ধীর মন্তব্য
    নোট ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে রাহুল গান্ধীর মন্তব্য

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, ‘প্রধানমন্ত্রী সংসদে আসতে ভয় পাচ্ছেন, উনি সংসদে এসে আমাদের সঙ্গে বিতর্ক করুন। আমাকে বলতে দেয়া হচ্ছে না। আমি মুখ খুললে ভূমিকম্প শুরু হবে।’ আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।

রাহুল আজ বলেন, ‘নোট বাতিল ইস্যুতে সরকার বিতর্ক থেকে পালিয়ে যাচ্ছে। এটা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি। আমি লোকসভায় এ নিয়ে কথা বলতে চাই, সেখানেই সব জানাবো। প্রধানমন্ত্রী গোটা দেশে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন কিন্তু  লোকসভায় আসতে ভয় পাচ্ছেন কেন?’

রাহুল বলেন, ‘গরীব মানুষদের হৃদয়ের যে কথা সেটাই আমি বলতে চাই এবং সম্পূর্ণ একা নরেন্দ্র মোদি ভারতের সবচেয়ে বড় যে দুর্নীতি করেছেন সে বিষয়ে বলতে চাই।’

নোট বাতিলের সিদ্ধান্তকে অনর্থক সিদ্ধান্ত বলে অভিহিত করে এর ফলে দেশের সাধারণ মানুষ এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও রাহুল গান্ধী আজ মন্তব্য করেন।

আজ রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাবে কেন্দ্রীয় মন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা বেঙ্কইয়া নাইডু বলেন, ‘যাদের রাজত্বে কয়লা, টুজি, কমনওয়েলথ, ইউরিয়া এবং আদর্শ কেলেঙ্কারির মতো দুর্নীতি হয়েছে তারা অন্যদের বিরুদ্ধে কীভাবে কথা বলতে পারে?’

বেঙ্কইয়া নাইডু প্রশ্নের সুরে বলেন, ড্রাগ মাফিয়া, কালো টাকা এবং মানব পাচারের মতো অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া কি বোকামি?

কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দাবি, নোট বাতিল ইস্যুতে গরিব মানুষ সরকারের পাশেই আছে। রাহুল গান্ধীই বিতর্ক থেকে পালাচ্ছেন।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৯