প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্নীতির তথ্য আছে আমার কাছে: রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i28243-প্রধানমন্ত্রী_নরেন্দ্র_মোদির_দুর্নীতির_তথ্য_আছে_আমার_কাছে_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, ‘প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন। তিনি কীভাবে দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন সেই তথ্য আমার কাছে রয়েছে। সংসদে আমি তা জানাতে চাই। এর ফলে প্রধানমন্ত্রীর বেলুন ফেটে যাবে। কিন্তু আমাকে বলতে দেয়া হচ্ছে না।’ তিনি আজ (বুধবার) সংসদের সেন্ট্রাল হলে বিরোধীদলীয় নেতাদের নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৬ ১৯:২৫ Asia/Dhaka
  • ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী
    ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, ‘প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন। তিনি কীভাবে দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন সেই তথ্য আমার কাছে রয়েছে। সংসদে আমি তা জানাতে চাই। এর ফলে প্রধানমন্ত্রীর বেলুন ফেটে যাবে। কিন্তু আমাকে বলতে দেয়া হচ্ছে না।’ তিনি আজ (বুধবার) সংসদের সেন্ট্রাল হলে বিরোধীদলীয় নেতাদের নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

তিনি বলেন,‘নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রী সংসদে জবাব দিতে বাধ্য। সেখান থেকে তিনি পালাতে পারেন না। সাধারণ মানুষের কাছে তিনি উত্তর দিতে বাধ্য।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী পপ কনসার্টে গিয়ে কথা বলতে পারছেন, কিন্তু সংসদে কিছুতেই মুখ খুলছেন না।’

তিনি বলেন, নোট বাতিলের ফলে গরিবদের উপরে বড় আঘাত এসেছে। এ জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নোট বাতিল ইস্যুতে স্পষ্টীকরণ দেয়া। তিনি দেশবাসীর সামনে বিষয়টি স্পষ্ট করতে সংসদে কথা বলুন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান বলে সবসময় বলে থাকেন। কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, এনসিপি নেতা তারিক আনোয়ার এবং অন্যদের পাশে বসিয়ে রীতিমত ঘটা করে যেভাবে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ করেছেন তাতে রাজনৈতিকমহলে কৌতূহল সৃষ্টি হয়েছে। কারণ, এই প্রথম প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগে বিরোধীরা সম্মিলিতভাবে সোচ্চার হলেন।

তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সরকারের পক্ষ থেকে এত দম্ভ দেখানো হচ্ছে কেন? তাদের অহংকারের ফলে গোটা সংসদীয় ব্যবস্থা বিপদের মুখে পড়েছে।’

এনসিপি নেতা তারিক আনোয়ার বলেন,‘লোকসভার ইতিহাসে এই প্রথম এমন পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে বিরোধীদের বলতে দেয়া হচ্ছে না। সরকারের এত ভয় কিসের? আমরা বিরোধীরা সকলেই ঐক্যবদ্ধ।’

সিপিএমের পি করুনাকরন বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদ থেকে পালিয়ে বেড়াচ্ছেন, এর অর্থ তিনি মানুষের কাছ থেকে পালাচ্ছেন।’

বিজেপি নেতা জিভিএল নরসিমা রাও রাহুল গান্ধীর অভিযোগকে নাকচ করে দিয়ে বলেন, রাহুল এবং তার দল সংসদে অচলাবস্থা সৃষ্টি করে রাজ্যসভা এবং লোকসভায় বিতর্ক হতে দিচ্ছে না। ওরা লোকেদের বোকা বানানো বন্ধ করুক। স্রেফ মিডিয়া বাইট দেয়ার জন্য এ রকম বলছেন।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৪