গোধরা দাঙ্গা থেকে মোদির শিক্ষা হয়নি: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i30694-গোধরা_দাঙ্গা_থেকে_মোদির_শিক্ষা_হয়নি_মমতা_বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেছেন, ‘আমরা লড়াই করতে ভয় পাই না, গোধরা দাঙ্গা থেকে ওনার শিক্ষা হয়নি।’ আজ (বুধবার) কোলকাতায় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সামনে তৃণমূলের ধর্না-অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১১, ২০১৭ ১৭:০৪ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেছেন, ‘আমরা লড়াই করতে ভয় পাই না, গোধরা দাঙ্গা থেকে ওনার শিক্ষা হয়নি।’ আজ (বুধবার) কোলকাতায় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সামনে তৃণমূলের ধর্না-অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে তিনি ওই মন্তব্য করেন।

নোট বাতিল ইস্যুতে মমতা বলেন, ‘মানুষ খুব শিগগিরি মোদি সরকারকে বাতিল করবে। ওরা প্রতিশ্রুতি দিয়েছিল ৫০ দিনের মধ্যে পরিস্থিতি (নোট বাতিলজনিত উদ্ভূত পরিস্থিতি) স্বাভাবিক হবে কিন্তু তা হয়নি। ৫০ দিন পার হয়ে গেলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি কেন?’   

মমতা আজ তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেন, ‘বেশ কিছু বিজেপি নেতাও ভয় পেয়ে গেছেন। উত্তর প্রদেশে নির্বাচনে বিজেপি পরাজিত হওয়ার পরে তারা মুখ খুলবেন। তৃণমূল চুপ করে বসে থাকবে না। মানুষের স্বার্থে লড়াই অব্যাহত থাকবে।’

মমতা বলেন, ‘তৃণমূলের দেওয়াল নরম মাটি দিয়ে তৈরি নয় যে ইঁদুরেও গর্ত করতে পারবে। আমরা বাঘেদের সঙ্গে লড়াই করি। একটা ‘সর্বনাশা পার্টি’ দেশকে বিক্রি করে দিচ্ছে।’ 

নোট বাতিলের আন্দোলনকে তিনি 'দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ' বলে অভিহিত করেন।

মমতা বলেন, ‘সিপিএমরা ছিল হার্মাদ, বিজেপিরা হল জল্লাদ। তৃণমূলের শাসনামলে কোনো চিটফান্ড তৈরি হয়নি। ‘সারদা’ (অর্থলগ্নি সংস্থা) তৈরি হয়েছিল সিপিএমের আমলে। তাতে (সিপিএম নেতা) সুজন চক্রবর্তীর কী ভূমিকা ছিল?’  

তিনি রিজার্ভ ব্যাংকের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ‘রিজার্ভ ব্যাংক কেন চিটফান্ডের ব্যবসা করতে দিয়েছিল? আমরা বিচারবিভাগীয় কমিশন গঠন করে  চিটফান্ডে প্রতারিতদের ৩০০ কোটি টাকা ফিরিয়ে দিয়েছি।’ তিনি রোজভ্যালির (অর্থলগ্নি সংস্থা) চ্যানেলগুলো এবং হোটেল কীভাবে চলছে তা নিয়েও প্রশ্ন তোলেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১১