আরএসএস এবং ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করাই আমাদের লক্ষ্য: রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i32005-আরএসএস_এবং_ফ্যাসিস্ট_শক্তিকে_পরাস্ত_করাই_আমাদের_লক্ষ্য_রাহুল_গান্ধী
ভারতে কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আরএসএস এবং ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করাই আমাদের লক্ষ্য।’
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ২৯, ২০১৭ ১৮:০২ Asia/Dhaka
  • রাহুল গান্ধী ও অখিলেশ যাদব
    রাহুল গান্ধী ও অখিলেশ যাদব

ভারতে কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আরএসএস এবং ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করাই আমাদের লক্ষ্য।’

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন উপলক্ষে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মধ্যে জোট হওয়ার পরে আজ (রোববার) লক্ষনৌতে দুই শীর্ষ নেতার মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রাহুল ওই মন্তব্য করেন। 

রাহুল বলেন, ‘উত্তর প্রদেশের প্রথম শব্দই উত্তর বা জবাব, আমাদের যে জোট হয়েছে তা একটি জবাব। ইতিহাসে প্রমাণ উত্তর প্রদেশ বিভিন্ন সময়ে দেশ এবং দুনিয়াকে জবাব দিয়েছে। ১৮৫৭ সালে উত্তর প্রদেশ কোম্পানি রাজত্বকে জবাব দিয়েছে। সেভাবেই দেশকে বিভক্তকারী শক্তিকে জবাব দিচ্ছে। আমি খুব খুশি সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মধ্যে জোট হওয়ায়। এর ফলে উত্তর প্রদেশের প্রগতি হবে। অখিলেশের সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে।’ 

রাহুল বলেন, ‘আমরা তরুণদের নতুন ধরণের রাজনীতি দিতে চাই, আমাদের মতাদর্শের মধ্যে সমতা রয়েছে। আরএসএস এবং বিজেপি ক্রোধের রাজনীতি ছড়িয়ে দিচ্ছে, জনতা তাদেরকে ব্যর্থ করে দিক।’

রাহুল আজ বিজেপির বিরুদ্ধে সরব হলেও অন্যতম প্রতিপক্ষ বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতীর প্রতি নরম মনোভাব প্রকাশ করেন। রাহুল বলেন, ‘আমি মায়াবতীজিকে খুব সম্মান করি, কাশীরামজিকে শ্রদ্ধা করি। মায়াবতী এবং বিজেপির মধ্যে অনেক বড় পার্থক্য আছে। বিজেপি ক্রোধ ছড়িয়ে দেয়, আক্রোশ সৃষ্টি করে তাদের মতাদর্শ ভারতের জন্য হুমকিস্বরূপ। মায়াবতীর মতাদর্শে দেশের কোনো বিপদ নেই, আপনারা দুইয়ের মধ্যে তুলনা করবেন না।’

অন্যদিকে, অখিলেশ বলেন, ‘এটা উন্নয়নের জোট, মানুষের জোট। মানুষ চাইছিলেন এই জোট হোক। কংগ্রেসের সঙ্গে এবার আরো দ্রুত উন্নয়ন হবে। সমাজবাদী পার্টি-কংগ্রেস জোট ৩০০-র বেশি আসন পাবে। এরফলে মানুষের আস্থা বাড়বে, আমরা উত্তর প্রদেশের জনতাকে সঙ্গে নিয়ে চলবো।’

অখিলেশ আজ তার দলীয় প্রতীক সাইকেলের কথা টেনে বলেন, রাহুল এবং আমি সাইকেলের দুই চাকা। শক্ত হাতে হ্যান্ডেল ধরলে উন্নতির লক্ষ্যে পৌঁছে যাব। #

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৯