কাশ্মির নিয়ে 'বিতর্কিত মন্তব্য': জেএনইউ অধ্যাপকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
https://parstoday.ir/bn/news/india-i32343-কাশ্মির_নিয়ে_'বিতর্কিত_মন্তব্য'_জেএনইউ_অধ্যাপকের_বিরুদ্ধে_পুলিশে_অভিযোগ
ভারতের দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) অধ্যাপক নিবেদিতা মেননের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে রাজস্থানের জয় নারায়ণ ব্যাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক সেমিনারে কাশ্মির এবং অন্য ইস্যুতে তিনি দেশবিরোধী বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০১৭ ১১:৫৫ Asia/Dhaka
  • জেএনইউ\'র রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা নিবেদিতা মেনন
    জেএনইউ\'র রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা নিবেদিতা মেনন

ভারতের দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) অধ্যাপক নিবেদিতা মেননের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে রাজস্থানের জয় নারায়ণ ব্যাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক সেমিনারে কাশ্মির এবং অন্য ইস্যুতে তিনি দেশবিরোধী বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ।

আজ (শনিবার) গণমাধ্যমে প্রকাশ, এ ব্যাপারে রাজস্থানের যোধপুরে অবস্থিত ওই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

জেএনইউ'র রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা নিবেদিতা মেননকে গত বৃহস্পতিবার জয় নারায়ণ ব্যাস বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পক্ষ থেকে এক সেমিনারে আমন্ত্রণ জানানো হয়।

জয় নারায়ণ ব্যাস বিশ্ববিদ্যালয়ের ভিসি আর পি সিং বলেন, ‘আমরা মেনন এবং সেমিনারের আয়োজক সচিবের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছি। আমরা একটি তদন্ত দলও গঠন করেছি যারা গোটা বিষয়টি খতিয়ে দেখবেন।’    

বিশ্ববিদ্যালয়ের ভিসির দাবি, অধ্যাপিকা মেনন দুই/তিনটি ইস্যুতে আপত্তিকর মন্তব্য করেছেন। মেননের বিরুদ্ধে অভিযোগ, তিনি বলেছেন কাশ্মির ভারতের অভিন্ন অঙ্গ নয় এবং ভারতের সিয়াচিনের ওপরে দাবি করা উচিত নয়। এ ছাড়া সেনাবাহিনী দেশের জন্য নয় বরং জীবিকা উপার্জনের জন্য কাজ করছে- এমন মন্তব্যও করেছেন তিনি।

অধ্যাপিকা নিবেদিতা মেনন অবশ্য বলেছেন, তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যা। তিনি ওইরকম কোনো মন্তব্য করেননি। গুজবের ওপরে ভিত্তি করে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

যোধপুরের পুলিশ কমিশনার অশোক রাঠোর বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি তারপরেই ঠিক হবে এটি এফআইআর হিসেবে গণ্য হবে কী না।#

পার্সটুডে/এমএএইচ/এআর'/৪