সপা-কংগ্রেস জোট রাজনীতিতে নয়া দিশা নির্ধারণ করবে: রাহুল গান্ধী
-
কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, ‘কংগ্রেস-সপা জোট শুধু উত্তর প্রদেশেই নয় বরং দেশের রাজনীতিতে নয়া দিশা নির্ধারণ করবে। মানুষ দেখছে যে দুই তরুণ (রাহুল-অখিলেশ) ও দুই দল এক মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের চেহারা পরিবর্তন করে দেবে।’ গতকাল (বুধবার) তিনি উত্তর প্রদেশের খুরজায় এক নির্বাচনি সমাবেশে ওই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে রাহুল বলেন, ‘উনি দেশের গরীব মানুষ এবং অর্থ-সম্পদহীন মানুষদের সাহায্য করার পরিবর্তে পঞ্চাশটি পরিবারকে সাহায্য করছেন। তিনি ধনী পরিবারের লোকেদের এক লাখ দশ হাজার কোটি টাকার ঋণ মওকুফ করে দিয়েছেন। মোদিজি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা বলছেন কিন্তু কাজ করছেন দেশের পঞ্চাশ ধনী পরিবারের জন্য।’
নোট বাতিলের কথা উল্লেখ করে রাহুল বলেন, ‘ব্যাংকের লাইনে গরীব, শ্রমিক ও কৃষকদেরই দাঁড়াতে হয়েছে, ধনী এবং স্যুট-বুটওয়ালা লোকদের দাঁড়াতে হয়নি। লোকসভা নির্বাচনের সময় দুই লাখ বেকার যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল কিন্তু তা ভণ্ডামিতে পরিণত হয়েছে। বিজেপি কৃষকদের ঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কেবলমাত্র ধনীদের ঋণই মওকুফ করা হয়েছে।’
রাহুল বলেন, উত্তর প্রদেশে কংগ্রেস-সপা জোটের হাওয়া নয় বরং জোটের ঝড় চলছে। রাজ্যে জোট সরকার ক্ষমতায় আসার পরে যুবক এবং কৃষকদের সাহায্য করা হবে। কংগ্রেস এবং সপা উভয় দলই রাজ্যের উন্নয়নে দায়িত্ব পালন করবে।’
রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের পঞ্চাশ জন ধনীকে এক লাখ দশ হাজার কোটি টাকার সহায়তা করেছেন কিন্তু কংগ্রেস কৃষকদের ঋণ মওকুফ করে তাদের ৭০ হাজার কোটি টাকার সহায়তা করেছে। #
পার্সটুডে/এমএএইচ/এআর/৯