টানাপড়েন সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে ভারত: সুষমা
-
সুষমা স্বরাজ
পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত এবং গোলযোগ সত্ত্বেও ইসলামাবাদের সঙ্গে নয়াদিল্লি যোগাযোগ বজায় রেখেছে। ভারতীয় লোকসভায় লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
দুই দেশের সম্পর্কে টানাপড়েন সত্ত্বেও মানবিক বিষয়ে দিল্লি সরকার কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক রেখেছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে ইসলামাবাদ সফরকালে সংলাপের পরিকল্পনা করা হয়েছিল; ২০১৬ সালের জানুয়ারি মাসে পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলা এবং একই বছর পাকিস্তান থেকে চালানো অন্যান্য হামলার কারণে তা কার্যকর করা যায় নি।
অবশ্য, এ সময়েও ভারত এবং পাকিস্তান সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। জরুরি মানবিক বিষয়গুলোসহ জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে সম্পর্ক বজায় রাখা হয় বলে জানান তিনি।
সুষমা আরো দাবি করেন, ভারত সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক সম্প্রদায় সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দেয়ার বিরুদ্ধে পাকিস্তানের ওপর চাপ দেয়। এছাড়া, ইসলামাবাদের কাশ্মির সংক্রান্ত প্রচারের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয় বলেও দাবি করেন তিনি।
সুষমা আরো দাবি করেন, কাশ্মির ইস্যুকে আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে পাকিস্তানের তৎপরতা ভারত সরকার কার্যকরভাবে বানচাল করে দিতে পেরেছে।#
পার্সটুডে/মূসা রেজা/৯