জম্মু-কাশ্মিরে সংঘর্ষে ৩ জওয়ান এবং ৪ গেরিলা নিহত
-
জম্মু কাশ্মিরে সংঘর্ষে ৩ জওয়ান ও ৪ গেরিলা নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৩ জওয়ান এবং ৪ গেরিলা নিহত হয়েছে। ওই ঘটনায় অন্য ২ জওয়ান আহত হয়েছে। নিহত গেরিলারা হিজবুল মুজাহিদীনের সদস্য বলে দাবি করা হচ্ছে। গেরিলাদের কাছ থেকে ৪ টি স্বয়ংক্রিয় রাইফেল এবং প্রচুর গুলি উদ্ধার হয়েছে।
আজ (রোববার) সকালে দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলার ইয়ারিপোরায় সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। গেরিলারা ওই এলাকায় লুকিয়ে থাকার খবর পেয়ে আজ সকালে স্পেশাল ফোর্স, সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মির পুলিশের দল সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে। এরপরেই গেরিলারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিতে ৪ গেরিলা নিহত হয়।
নিহত গেরিলাদের মধ্যে ২ জন কুলগামের বাসিন্দা বলে দাবি হচ্ছে। মুদাসসির রেদওয়ানি এবং মুহাম্মদ হাসিম মোহদপোরার বাসিন্দা।
জম্মু-কাশ্মিরে এর আগে গত ৪ ফেব্রুয়ারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদীনের ২ গেরিলা নিহত হয়। গেরিলারা অমরগড় এলাকায় গাড়িতে করে ঘুরছে এমন খবর পেয়ে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তাদের থামানোর চেষ্টা করতেই তাদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে গেরিলারা। পুলিশের পাল্টা গুলিবর্ষণে নিহত হয় ওই গেরিলারা। ঘটনাস্থল থেকে সেসময় দুটি এ কে রাইফেল, একটি পিস্তল, চারটি গ্রেনেড এবং প্রচুর গুলি উদ্ধার হয়।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/১২