এমপি-মন্ত্রী হওয়ার জন্য নয়, কাশ্মিরের তরুণরা স্বাধীনতার জন্য লড়ছে: ফারুক আবদুল্লাহ
-
বক্তব্য রাখছেন জম্মু-কাশ্মির ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ বলেছেন, ‘কাশ্মিরের তরুণরা স্বাধীনতার জন্য লড়াই করছে। তারা কেউ বিধায়ক, এমপি বা মন্ত্রী হওয়ার জন্য নয়, বরং নিজেদের অধিকার আদায়ের জন্য কুরবানি দিচ্ছে।’ শুক্রবার শ্রীনগরে দলীয় কর্মী-সমর্থকদের সামনে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।
ফারুক বলেন, ‘এই ভূমি আমাদের, আমরাই এর মালিক। প্রাণ সকলের কাছেই প্রিয় কিন্তু ওই যুবকরা বিশ্বাস করেছে যে, জীবন এবং মৃত্যু আল্লাহ্র হাতে। তারা সেই পথেই চলছে এবং দেশের স্বাধীনতার জন্য জীবন দিচ্ছে। এ কথা ভারত এবং পাকিস্তান কেউই বুঝছে না। এই লড়াই ১৯৩১ সাল থেকে অব্যাহত রয়েছে। এখন নয়া প্রজন্ম এসেছে যাদের মধ্যে মৃত্যুর কোনো ভয় নেই। এরা দেশের স্বাধীনতার জন্য ময়দানে রয়েছে এজন্য গুলি এবং বন্দুকের ভয় তাদের ওপর কোনো প্রভাব ফেলে না।’
উপত্যাকায় শান্তি স্থাপনের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে পুনরায় সংলাপের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বুলেটের জবাব বুলেটে হতে পারে না। ধৈর্য, ভালোবাসা এবং সংলাপের মাধ্যমে এর জবাব হতে পারে। আমরা আশা করছি, ভারত এবং পাকিস্তান আলোচনার টেবিলে বসবে এবং নতুনভাবে সংলাপ পুনর্বহাল হবে যাতে কাশ্মির সমস্যা সমাধান হতে পারে।’
তিনি বলেন, মৃত্যু এবং ধ্বংস বন্ধ হওয়া উচিত যাতে কাশ্মিরের মানুষ শান্তিতে বাস করতে পারে। পর্যটন মৌসুম শুরু হতে চলেছে, যদি মৃত্যু এবং ধ্বংসের তাণ্ডব অব্যাহত থাকে তাহলে কে এখানে আসবে? দরিদ্র মানুষেরা পর্যটনের ওপরই নির্ভরশীল।’
তিনি বলেন, ‘সন্ত্রাসবাদীদের সংবেদনশীলতাকে খেয়াল রাখতে হবে। তাদের হাতে অস্ত্র তুলে নেয়ার কী কারণ? যুবকদের হাতিয়ার তুলে নিতে কোন বিষয়টি বাধ্য করছে তা তদন্তের জন্য একটি উচ্চস্তরীয় তদন্ত কমটি গঠন করা উচিত।’
সন্ত্রাসবাদবিরোধী অভিযানে বাধাপ্রদানকারীদের উদ্দেশে সম্প্রতি সেনাপ্রধান বিপিন রাওয়াত যে হুঁশিয়ারি দিয়েছেন তা উল্লেখ করে ফারুক বলেন, এ অভিযোগ সঠিক নয় বরং দুর্ভাগ্যপূর্ণ। যদি আপনার সমস্যা সমাধান করতে হয় তাহলে বন্দুকে নয়, সংলাপেই তা সম্ভব।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৫