কাশ্মিরের পুলওয়ামা জেলায় যৌথ অভিযানকালে সংঘর্ষ: ১ পুলিশসহ নিহত ৪
জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রালের একটি বাড়িতে যৌথ অভিযানকালে সংঘর্ষে এক পুলিশ ও তিন গেরিলা নিহত হয়েছেন। আজ (রোববার) দক্ষিণ কাশ্মিরের ত্রালে ওই সংঘর্ষে স্পেশাল অপারেশন গ্রুপের কনস্টেবল মনজুর আহমেদ নিহত হন।
শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর এক মেজরসহ নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য আহত হয়েছেন। গেরিলারা যে বাড়িতে লুকিয়ে ছিল সেনাবাহিনী ওই বাড়িটি উড়িয়ে দিয়েছে।
কর্মকর্তা সূত্রে প্রকাশ, ত্রালের নাজনিনপোরা গ্রামে লুকিয়ে থাকা গেরিলাদের সন্ধানে তল্লাশি অভিযানে ৪২ রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু-কাশ্মির পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং সিআরপিএফ জওয়ানরা যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করতেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে গেরিলারা।
গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় স্থানীয় মানুষজন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে এবং বিক্ষোভ শুরু করে। তারা গ্রামে ঢোকার সমস্ত সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ক্ষুব্ধ জনতা লাঠিসোঁটা নিয়ে হামলা করে এক জওয়ানের কাছে থাকা বন্দুক কেড়ে নেয়।
সেনা অভিযান চালানোর সময় পাথর ছোঁড়ার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। এর আগেও সংঘর্ষের হাত থেকে গেরিলাদের রক্ষা করতে পাথর ছুঁড়ে নিরাপত্তা বাহিনীকে বাঁধা দিয়েছে মানুষজন।
সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত কিছুদিন আগে এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেও কাশ্মিরি জনতা সেই হুঁশিয়ারিকে বিশেষ গুরুত্ব দেয়নি। এমনকি সিআরপিএফ জওয়ানের কাছ থেকে রাইফেল কেড়ে নেয়ার ঘটনাও ঘটেছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৫