জম্মু-কাশ্মিরে একে ৪৭ রাইফেল ছিনতাই, রেড অ্যালার্ট জারি
-
জম্মু-কাশ্মিরে রেড অ্যালার্ট জারি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সন্দেহভাজন গেরিলারা মাওলানা সাইয়্যেদ আতাহার দেহলবির নিরাপত্তা রক্ষী পুলিশকর্মী মুহাম্মদ হানিফের কাছ থেকে একে ৪৭ রাইফেল কেড়ে নিয়ে পালিয়ে গেছে।
শনিবার রাতে হামলাকারীরা প্রথমে ওই নিরাপত্তা রক্ষীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয় এবং পরে হকিস্টিক দিয়ে তাকে মারধর করে তার কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় জম্মু শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আহত পুলিশ কর্মীকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের সন্দেহ অপরাধীদের সঙ্গে সন্ত্রাসীদের সংযোগ থাকতে পারে।
সন্দেহভাজন গেরিলারা জম্মুর ডোগরা চকে মন্দির-মসজিদ পয়েন্টের কাছে ওই নিরাপত্তা রক্ষীর উপরে হামলা চালায়। ওই ঘটনায় পুলিশ মাসুদ আহমেদ মালিক এবং শাহীদ নামে দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু খোয়া যাওয়া রাইফেল এখনো উদ্ধার হয়নি।
দিল্লি ভিত্তিক আলেম এবং আঞ্জুমান মিনহাজ এ রাসুল সংস্থার চেয়ারম্যান মাওলানা সাইয়্যেদ আতাহার দেহলবি ওই ঘটনায় আজ (রোববার) তার নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছেন। তিনি আজ গণমাধ্যমকে বলেছেন, যাই ঘটুক না কেন জম্মু-কাশ্মিরে পাকিস্তান প্রযোজিত সন্ত্রাসবাদকে উন্মুক্ত করা থেকে তাকে কেউ বিরত করতে পারবে না। তিনি আহত নিরাপত্তা রক্ষীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
গতকাল সন্ধ্যায় তিনি জম্মুতে এসেছিলেন। ক্যানাল রোডে রাজ্য গেস্টহাউসে মাওলানাকে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পথে আক্রান্ত হন ওই নিরাপত্তা রক্ষী। তিনি মাওলানার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ছিলেন (পিএসও)। আগামী ২ এপ্রিল জম্মু সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেকথা মাথায় রেখে জম্মু শহরে রেড অ্যালার্ট জারি নিরাপত্তা কঠোর করা হয়েছে।
এদিকে, অন্য এক ঘটনায় শনিবার রাতে গেরিলারা শ্রীনগর কারাগারের পুলিশ কর্মকর্তা আব্দুল ভাটের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৬