জম্মু-কাশ্মিরে মন্ত্রীর বাড়িতে গেরিলা হামলা: ২ পুলিশ আহত, রাইফেল লুট
-
জম্মু-কাশ্মিরের মন্ত্রী ফারুক আন্দ্রাবি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলায় এক মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছে গেরিলারা। রোববার রাতে আচমকা ওই হামলায় দুই পুলিশকর্মী আহত হন। এসময় গেরিলারা ৪টি রাইফেল লুট করে পালিয়ে যায়। রাজ্যের মন্ত্রী ফারুক আন্দ্রাবি ওই সময় বাড়িতে ছিলেন না। তিনি পিডিপি প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির ঘনিষ্ঠ।। দক্ষিণ কাশ্মিরে ১২ ঘণ্টার মধ্যে এটিই সবচেয়ে বড় হামলা।
অন্য একটি সূত্রে প্রকাশ, গেরিলারা গত রাত সোয়া ১০টা নাগাদ অনন্তনাগের দুরু এলাকায় জম্মু-কাশ্মিরের হজ্ব এবং ওয়াকফ মন্ত্রী ফারুক আন্দ্রাবির বাড়ির বাইরে তার নিরাপত্তার জন্য তৈরি করা পুলিশ চৌকিতে হামলা চালায়।
মন্ত্রী এ সময় বাসায় না থাকলেও তার মা-বাবা সেখানে থাকেন। হামলায় আহত পুলিশ কর্মীদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেরিলারা এ সময় গার্ড রুমে থাকা ৫টি রাইফেল নিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলে স্থানীয় পুলিশ, সেনাবাহিনী, স্পেশাল অপারেশ গ্রুপ এবং সিআরপিএফ বাহিনী গেরিলাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।
এর আগে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে গেরিলারা তার পুত্র এবং ভাতিজাকে জিম্মি করে। কিন্তু পরে তারা ওই দু’জনকে হুমকি দিয়ে মুক্ত করে দেয়। পুলিশ বলছে, গেরিলারা পুলিশ কর্মকর্তা এম সুবহান ভাটের বাসায় ঢুকে ভাঙচুর চালায় এবং তার ছেলে ও ভাতিজাকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়।
পুলিশের সূত্রে প্রকাশ, গেরিলারা বলেছে তারা ওই পুলিশ কর্মকর্তাকে হত্যা করতে চায় যিনি বর্তমানে যেখানে মাশারাত আলম বন্দি রয়েছেন সেই কারাগারে নিয়োজত আছেন।
পুলিশের মহানির্দেশক এস পি বৈদ্য বলছেন, ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
এদিকে, রাজ্যে আসন্ন সংসদীয় উপনির্বাচনকে কেন্দ্র করে এবং আগামী ২ এপ্রিল প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৭