কাশ্মিরে নিরাপত্তাবাহিনীর গুলিতে ২ যুবক নিহত, আহত ১৬
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে বাডগামে গেরিলা ও নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছে। ওই ঘটনায় পেলেটগান, টিয়ার গ্যাসের সেল নিক্ষেপে কমপক্ষে অন্য ১৬ যুবক আহত হয়েছে।
আজ (মঙ্গলবার) বাডগাম জেলার চাদুরাতে অজ্ঞাত গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় স্থানীয় মানুষজন নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে স্লোগান দেয় এবং পাথর ছুঁড়ে বিক্ষোভ দেখায়। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় নিহত হন ওই দুই যুবক।
আজ প্রথমে জাহিদ রশিদ নামে এক যুবক ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে সাকিব আহমেদ নামে এক তরুণ গুলিতে নিহত হন। তার বুকে গুলি লেগেছিল।
চাদুরা এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে নিরাপত্তাবাহিনী আজ ওই এলাকাটি ঘিরে ফেলে। এ সময় গেরিলারা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এরপরেই সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা গুলিবর্ষণ শুরু হয়। উভয়পক্ষের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি গুলি চলছে।
এক কর্মকর্তা বলেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পেলেট গানের ছররা গুলি এবং কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হলে কয়েকজন আহত হয়েছে।
গত রোববার পাডগামপোরাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত হলে স্থানীয় মানুষজন তীব্র প্রতিবাদে ফেটে পড়ে। এ নিয়ে দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা এবং সোপিয়ানে গতকাল (সোমবার) স্থানীয় মানুষজন হরতাল পালন করে।
এ সময় পুলিশ এবং গেরিলা সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হন। নিহত গেরিলাদের জানাজায় কয়েকশ’ মানুষ উপস্থিত হলে এসময় গেরিলারা শূন্যে গুলি ছোঁড়ে এবং উপস্থিত মানুষজনের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু কথা বলার পরে তারা সেখান থেকে চলে যায়।
জানাজা থেকে ফেরার পথে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে ক্ষুব্ধ মানুষজন পাথর ছুঁড়লে কয়েকটি স্থানে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে লাঠি এবং কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৮