মুখ্যমন্ত্রী মেহবুবার কর্মকাণ্ডকে কাশ্মিরবিরোধী বললেন ওমর আবদুল্লাহ
https://parstoday.ir/bn/news/india-i35460-মুখ্যমন্ত্রী_মেহবুবার_কর্মকাণ্ডকে_কাশ্মিরবিরোধী_বললেন_ওমর_আবদুল্লাহ
জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নির্বাহী প্রধান ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কর্মকাণ্ডকে জনগণ এবং কাশ্মিরবিরোধী বলে মন্তব্য করেছেন। শ্রীনগরের খানইয়ারে দলীয় কর্মীদের সভায় ওমর বলেন, ‘পিডিপি-বিজেপি জোট কাশ্মিরবাসীদের জন্য বিপর্যয় প্রমাণিত হয়েছে।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০১, ২০১৭ ১৩:০৬ Asia/Dhaka
  • ওমর আবদুল্লাহ
    ওমর আবদুল্লাহ

জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নির্বাহী প্রধান ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কর্মকাণ্ডকে জনগণ এবং কাশ্মিরবিরোধী বলে মন্তব্য করেছেন। শ্রীনগরের খানইয়ারে দলীয় কর্মীদের সভায় ওমর বলেন, ‘পিডিপি-বিজেপি জোট কাশ্মিরবাসীদের জন্য বিপর্যয় প্রমাণিত হয়েছে।’

শুক্রবার ওমর আবদুল্লাহ বলেন, ‘মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রী হওয়ার পরে স্বল্প সময়ের মধ্যে মানুষের ওপরে অত্যাচারের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছেন।’ কাশ্মিরে চলমান সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একশ’র বেশি যুবক নিহত হয়েছে এবং কয়েকশ’ লোক অন্ধ ও বিকলাঙ্গ হয়ে গেছে।      

তিনি বলেন, ‘মেহবুবা যখন বিরোধী আসনে ছিলেন, তখন গ্রেফতারি এবং জননিরাপত্তা আইনের বিরুদ্ধে ধর্নায় বসে যেতেন। কিন্তু এখন ওনার কার্যকালে কমপক্ষে ১১ হাজার যুবককে গ্রেফতার করা হয়েছে এবং রাতে পুলিশ আচমকা তল্লাশি চালিয়ে লোকজনকে হয়রানি করছে।’  

জন্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

ওমর বলেন, ‘২০১৬ সালে লোকেদের উপরে অত্যাচারের পরে এবার পিডিপি-বিজেপি জোট সরকার ৩৭০ ধারা দুর্বল করতে বিচারবিভাগীয় পথের আশ্রয় নিচ্ছে। পশ্চিম পাকিস্তানের উদ্বাস্তুদের বাসস্থানের প্রমাণপত্র দিয়ে রাজ্যের ভৌগোলিক পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করছে। যদিও পিডিপি-বিজেপি জোট সরকার তাদের একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি।’   

তিনি বলেন, ‘মেহবুবা তার রিপোর্ট কার্ডের ভিত্তিতে ভোট চাইতে আসছেন। কিন্তু তাকে বলা উচিত শতাধিক যুবককে হত্যা, কয়েকশ’কে অন্ধ করা, সৈনিক কলোনি স্থাপনের চেষ্টা করা এবং ৩৭০ ধারা অপসারণের চেষ্টা করা তার সরকারের কৃতিত্ব।’   

ওমর বলেন, ‘মেহবুবা এমন দলের সঙ্গে জোট করেছেন যারা সাম্প্রদায়িক এবং উত্তর প্রদেশে যারা যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করেছে। বর্তমান কেন্দ্রীয় সরকার বিজেপি’র অটল বিহারী বাজপেয়ীর সরকার নয়, এই শক্তি জাতীয়তাবাদ এবং সংখ্যালঘুদের মধ্যে বৈষম্যকারী বিজেপি।’ জম্মু-কাশ্মিরে চলতি এপ্রিল মাসে শ্রীনগর এবং অনন্তনাগ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তারই প্রচারণা চলছে এখন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১