কাশ্মিরে নিরাপত্তারক্ষীদের গুলিতে যুবক নিহত, বনধের ডাক হুররিয়াতের
https://parstoday.ir/bn/news/india-i36308-কাশ্মিরে_নিরাপত্তারক্ষীদের_গুলিতে_যুবক_নিহত_বনধের_ডাক_হুররিয়াতের
জম্মু-কাশ্মিরে নিরাপত্তারক্ষীদের গুলিতে এক যুবক নিহত হওয়ার পর সেখানকার পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। শনিবার সন্ধ্যায় সাজ্জাদ হুসেন শেখ (২৩) নামে নিহত ওই যুবকের বাড়ি উত্তর কাশ্মিরের বারামুল্লা জেলার তঙ্গমার্গ এলাকায়। ওই ঘটনার প্রতিবাদে আন্দোলনকারী যৌথ নেতৃত্বের পক্ষ থেকে আজ (রোববার) বনধের ডাক দেয়া হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ১৬, ২০১৭ ০৬:১৫ Asia/Dhaka
  • নিহত সাজ্জাদ হুসেন শেখের পরিবারে আহাজারি
    নিহত সাজ্জাদ হুসেন শেখের পরিবারে আহাজারি

জম্মু-কাশ্মিরে নিরাপত্তারক্ষীদের গুলিতে এক যুবক নিহত হওয়ার পর সেখানকার পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। শনিবার সন্ধ্যায় সাজ্জাদ হুসেন শেখ (২৩) নামে নিহত ওই যুবকের বাড়ি উত্তর কাশ্মিরের বারামুল্লা জেলার তঙ্গমার্গ এলাকায়। ওই ঘটনার প্রতিবাদে আন্দোলনকারী যৌথ নেতৃত্বের পক্ষ থেকে আজ (রোববার) বনধের ডাক দেয়া হয়েছে।

হুররিয়াত প্রধান সাইয়্যেদ আলী শাহ গিলানি, মীরওয়াইজ ওমর ফারুক এবং মুহাম্মদ ইয়াসিন মালিকের পক্ষ থেকে ওই হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘পাশবিক, বর্বর এবং কাশ্মিরিদের আওয়াজ বন্ধ করার প্রচেষ্টা’ বলে মন্তব্য করা হয়েছে।   

পুলিশের আইজি এস জে এম গিলানি অবশ্য ওই যুবক নিহত হওয়ার নেপথ্যে নিরাপত্তারক্ষীদের কোনো হাত নেই বলে দাবি করেছেন। 

শ্রীনগরের সিনিয়র পুলিশ সুপার ইমতিয়াজ ইসমাইল বলেছেন, কীভাবে ওই যুবক নিহত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এবং এখনো পর্যন্ত কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাবাহিনী মোতায়েন ছিল না বলেও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। 

নিহত কাশ্মিরি যুবকের মরদেহ

ওই ঘটনার প্রতিবাদে এলাকায় তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। এমনকি মসজিদ থেকেও স্লোগান দেয়া হয়। 

গণমাধ্যমের একটি সূত্রে প্রকাশ, শ্রীনগরের বাটমালু এলাকায় এস ডি কলোনিতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে যুবকরা পাথর ছোঁড়ে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তাবাহিনী গুলি চালালে ওই যুবকের মৃত্যু হয়।    

এসএমএসএইচ হাসপাতালের সুপার ডা. নাজির চৌধুরি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়।  

অন্যদিকে, শনিবার পুলওয়ামাতে স্থানীয় একটি কলেজের বাইরে চেকপোস্ট স্থাপনকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষে প্রায় ৬০ শিক্ষার্থী আহত  হন। ছাত্ররা নিরাপতা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তা বাহিনী এ সময় পেলেট গানের ছররা গুলি এবং কাঁদানে গ্যাসের সেল ফাটালে তারা আহত হন। পুলওয়ামার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা ডা. তালাত জাবীন জেলা হাসপাতালে ৫৪ জন ছাত্রের চিকিৎসার কথা বলেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬