ছাত্র বিক্ষোভে উত্তাল কাশ্মির: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/india-i36414-ছাত্র_বিক্ষোভে_উত্তাল_কাশ্মির_শিক্ষাপ্রতিষ্ঠান_বন্ধ_জরুরি_বৈঠকে_মুখ্যমন্ত্রী
জম্মু-কাশ্মির ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠায় আজ কাশ্মিরের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে আজ (মঙ্গলবার) মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ১৮, ২০১৭ ০৯:৩৯ Asia/Dhaka
  • ছাত্রবিক্ষোভে উত্তাল কাশ্মির
    ছাত্রবিক্ষোভে উত্তাল কাশ্মির

জম্মু-কাশ্মির ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠায় আজ কাশ্মিরের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে আজ (মঙ্গলবার) মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।  

কাশ্মিরে শ্রীনগরসহ বেশ কয়েকটি স্থানে সোমবার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় নিরাপত্তা বাহিনী উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পাল্টা পদক্ষেপে কাঁদানে গ্যাস ছোঁড়ে।

এদিন, মাওলানা আজাদ রোডে শ্রীপ্রতাপ কলেজের কাছে মিছিল বের করে ছাত্ররা। পুলিশ তাদের বাধা দিলে প্রতিবাদকারীরা পাথর ছুঁড়ে বিক্ষোভ দেখায়। নিরাপত্তা বাহিনী পাল্টা কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করে।

অন্যদিকে, মহিলা কলেজ ও শহরের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও বিক্ষোভ শুরু হয়। গান্ধেরবল, বারামুল্লা, সোপিয়ান ও পুলওয়ামার কলেজেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

গত ১৫ এপ্রিল পুলওয়ামার ডিগ্রি কলেজ ক্যাম্পাসের বাইরে পুলিশ-সিআরপিএফের চেকপোস্ট বসানোর প্রতিবাদ জানায় ছাত্ররা। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে ৫৪ জন ছাত্র আহত হয়। ওই ঘটনার প্রতিবাদে পুলওয়ামার ছাত্রদের সঙ্গে একাত্মতা জানাতে সোমবার কাশ্মিরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সড়কে নেমে বিক্ষোভে ফেটে পড়েন।  

এদিন সরকারি মহিলা কলেজের ছাত্রীরা ‘নারায়ে তকবির, আল্লাহু আকবর’  ধ্বনি দেয় এবং পুলিশের ব্যারিকেড ভেঙে ‘আজাদি’র দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায়। ছাত্রীরা ‘আমরা কী চাই? আজাদি’ সহ ভারত বিরোধী স্লোগান দিয়ে তুমুল বিক্ষোভ দেখায়। মহিলা পুলিশদের সঙ্গে এ সময় তাদের ধস্তাধস্তি হয়।  

অন্যদিকে, বিভিন্নস্থানে ছাত্রদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া সহ পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে মারমুখী ছাত্রদের মোকাবিলা করার চেষ্টা করে। গোটা এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত নেয়।

পরিস্থতি মোকাবিলা করতে রাজ্য সরকার মঙ্গলবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ পিডিপি নেত্রী ও ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মেহবুবাকে টার্গেট করে বলেন, ‘কাশ্মীর জুড়ে ছাত্র বিক্ষোভের ফল মেহবুবা জানেন কি?’

তার মতে, পুলওয়ামার সংঘর্ষের ঘটনার পরেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত ছিল। মেহবুবা পরিস্থিতি সম্পর্কে আদৌ সচেতন নন বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৮