দিলীপবাবু কচ্ছপের মতো হাত-পা ছুড়ছেন: পার্থ চট্টোপাধ্যায়
-
তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়
পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘গোটা ভারতে, গুজরাট থেকে গুয়াহাটি ও কাশ্মির থেকে কন্যাকুমারী, ‘ভারতমাতা কী জয়’ এবং ‘জয় শ্রীরাম’ হবে। যে বাধা দেবে তাকে ইতিহাসে চলে যেতে হবে।’ শনিবার পশ্চিমবঙ্গের মালঞ্চ বাজারে এক সভায় রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলকে টার্গেট করে তিনি ওই মন্তব্য করেন।
তিনি শাসক দলকে শোধরানোর পরামর্শসহ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নইলে এমন ধোলাই করব, যে কাপড়কাচা করে দেব। সারা জীবন ভুলতে পারবেন না। মুখের মানচিত্র পালটে দেব। যারা এখানে গা ফোলাচ্ছেন তারা মনে করছেন মালঞ্চ বাজারটাই বোধহয় পশ্চিমবঙ্গ। কিন্তু, এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। তারপরে হিসাবটা আমাদের হাতে হবে। কেমন ট্রিটমেন্ট করব, আমরা ঠিক করব। হাসপাতাল পৌঁছনোর দরকার হবে না। পুলিশ সামনে দাঁড়িয়ে থাকবে কিন্তু কিছুই করতে পারবে না।’
দিলীপ ঘোষের ওই মন্তব্যকে কুরুচিকর এবং উন্মাদের বক্তব্য বলে অভিহিত করেছেন রাজ্যের সিনিয়র মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
তিনি বলেন, ‘আমার অবাক লাগে, ক্ষমতা পাওয়ার লোভে এরা কী ধরণের কুরুচিকর ও অস্বাস্থ্যকর কথা বলছে! আস্ফালন, নানারকম উত্তেজনা, প্ররোচনা দেওয়ার চেষ্টা কিছুতেই সফল হবে না। ‘রাম’কে সামনে রেখে ওরা ভগবান সাজার চেষ্টা করছেন। বিজেপি ধর্মকে অধর্মের জায়গায় নিয়ে যাচ্ছে। বাংলার মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তারা দিলীপবাবুদের এ ধরনের কথার যোগ্য জবাব দেবে।’
‘দিলীপবাবু কচ্ছপের মতো হাত-পা ছুড়ছেন। এরা ইতিহাস-ভুগোল না জেনে দেশকে কলঙ্কিত করছেন’ বলেও মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়।
পার্সটুডে/এমএএইচ/এআর/২৩