কাশ্মিরে দুই সেনা হত্যা: ভারত-পাকিস্তান ডিজিএমও’র মধ্যে হটলাইনে আলাপ
-
পরমজিৎ সিং ও প্রেম সাগর
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজক পরিস্থিতির মধ্যে আজ ভারতের ডাইরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লে. জেনারেল এ কে ভট্ট পাকিস্তানের ডিজিএমও’র সঙ্গে হটলাইনে কথা বলেছেন। আজ (মঙ্গলবার) ভারতের ডিজিএমও পাক সেনার পক্ষ থেকে ভারতীয় জওয়ানদের উপরে হামলা এবং দু’জনকে হত্যা করে তাদের লাশ বিকৃত করার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেন।
গতকাল সোমবার জম্মু-কাশ্মিরের পুঞ্চে ভারত-পাক সীমান্তে কৃষ্ণাঘাঁটি সেক্টরে পাক বাহিনীর হামলায় সেনাবাহিনীর ২২ শিখ রেজিমেন্টের নায়েব সুবেদার পরমজিৎ সিং এবং বিএসএফের ২০০ ব্যাটেলিয়নের হেড কনস্টেবল প্রেম সাগর নিহত হন। ভারতের অভিযোগ নিহত ওই জওয়ানদের লাশ বিকৃত করা হয়েছে। পাকিস্তান অবশ্য ভারতের দাবি অস্বীকার করেছে।
আজ গণমাধ্যমে প্রকাশ, নিহত বিএসএফের জওয়ান প্রেম সাগরের মেয়ে সরোজ বলেছেন, প্রেম সাগরের আত্মত্যাগের বিনিময়ে ৫০ পাকিস্তানি সেনার মাথা চায় তাদের পরিবার।
অন্যদিকে, সেনাবাহিনীর নিহত নায়েব সুবেদার পরমজিৎ সিংয়ের মেয়ে সিমরণদীপের মন্তব্য, ‘বাবা দেশের জন্য শহীদ হয়েছেন সেজন্য আমি গর্বিত।’
আজ ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার জম্মু-কাশ্মিরের পুঞ্চের কৃষ্ণঘাটি সেক্টরে দুই ভারতীয় জওয়ানের হত্যাকাণ্ড ও অঙ্গহানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন ডিজিএমও। তিনি পাকিস্তানকে বলেছেন, এমন ঘৃণ্য আচরণ কোনো সভ্য সমাজে চলতে পারে না, কোনো বাছবিচার না করে এর নিন্দা করে যোগ্য জবাব দেয়া উচিত।
অন্যদিকে, গত রাতে ভারত এবং পাকিস্তানের স্থানীয় কমান্ডারদের সঙ্গে রাওয়ালকোট-পুঞ্চ সেক্টরে হট লাইনে কথা হয়। মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাদের বলেছে, নিয়ন্ত্রণরেখায় কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি এবং পাকিস্তান ভারতীয় সেনার কোনো লাশও বিকৃত করা হয়নি।
অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, ‘কাশ্মিরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি অনুপ্রবেশ নিয়ে ভারতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওই অভিযোগের মাধ্যমে আসলে ঘরোয়া রাজনীতিতে ফায়দার জন্য উত্তেজনা বাড়ানোর চেষ্টা। ভিত্তিহীন অভিযোগ কাশ্মির সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে এবং পাকিস্তানি সেনাদের বদনামের জন্য করা হয়েছে।’
গতকালই ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেন, ‘দেহগুলো ছিন্নিভিন্ন করেছে আমাদের প্রতিবেশিরা। ওই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, বর্বরোচিত। এ ধরনের অমানবিক ঘটনা যুদ্ধের সময়েও ঘটে না।’ পাকিস্তানকে এর মূল্য দিতে হবে বলেও অরুণ জেটলি হুঁশিয়ারি দেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২