জম্মু-কাশ্মির ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে: ফারুক আবদুল্লাহ
-
জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ড. ফারুক আবদুল্লাহ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ড. ফারুক আবদুল্লাহ বলেছেন, রাজ্যে ক্ষমতাসীন পিডিপি-বিজেপি জোট সরকার জম্মু-কাশ্মিরকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে। নয়াদিল্লির ভুল নীতির জন্য ভারত-পাক সীমান্তে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সোমবার শ্রীনগরে দলীয় কর্মী-সমর্থকদের সামনে তিনি বলেন আরএসএসকে খুশি করার জন্য পিডিপি নিজেদের চেয়ার বাঁচাতে এসব করাচ্ছে।
ফারুক আবদুল্লাহ বলেন, যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে পরিস্থিতি অবনতি হচ্ছে। কিন্তু মৌলবাদী শক্তি আরো শক্তিশালী হচ্ছে। কাশ্মিরে যেখানে অনিশ্চয়তা বাড়ছে জম্মুতে সেখানে সাম্প্রদায়িক অংশ অনুপ্রবেশ করে নিজেদের অবস্থান মজবুত করছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, একদিকে কাশ্মিরে গ্রেফতারি, কঠোরতা, তল্লাশি ইত্যাদির মাধ্যমে পরিবেশ খারাপ হচ্ছে। কিন্তু অন্যদিকে, সরকারি প্রশ্রয়ের ফায়দা নিয়ে সাম্প্রদায়িক শক্তি মানুষকে হয়রানি করছে। তিনি বলেন, ‘সরকারি সমর্থনে জম্মুতে হিন্দু মৌলবাদী সংগঠন আরএসএস জম্মুতে আখিল ভারতীয় সম্মেলন করবে।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকার কাশ্মিরে কঠোর নীতি অবলম্বন করে ভোট ব্যাংকের রাজনীতি করছে। দু’টি সরকার স্রেফ বিবৃতি জারির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অসুবিধা ভোগ করা এবং সমস্যার মধ্যে পড়া লোকজনদের নিয়ে তাদের কোনো চিন্তা নেই।
তিনি বলেন, ‘কাশ্মির একটি রাজনৈতিক ইস্যু। এর সমাধান করতে দেরী হলে পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ হবে। অগ্রাধিকারের ভিত্তিতে কাশ্মির সমস্যার সমাধান করা উচিত যাতে রাজ্যের মানুষজন শান্তিতে থাকতে পারে।’
গত মাসেও ফারুক আবদুল্লাহ বলেছিলেন, ‘পিডিপি গোটা কাশ্মিরকে যুদ্ধের ময়দানে পরিণত করেছে যেখানে নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষকে হয়রানি করছে। আমার কাছে প্রত্যেকদিন লোকেরা অভিযোগ করছে, নিরাপত্তা বাহিনী অনর্থক তাদের উৎপীড়ন করছে। শিশু এবং বয়স্কদের পেটানো হচ্ছে। তাদেরকে আটক করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর এসব পদক্ষেপে কাশ্মিরে পরিস্থিতি উন্নতি হওয়ার পরিবর্তে কাশ্মিরকে বিপর্যয়ের পথে নিয়ে যাবে।’
পিডিপি নেত্রী ও মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আরএসএসের এজেন্ট হিসেবে কাজ করছেন বলেও ফারুক আবদুল্লাহ মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৩