হুররিয়াতের সঙ্গে আলোচনা: মণিশঙ্করকে ‘পাকিস্তানের দালাল’ বলল বিজেপি
-
কংগ্রেসের সিনিয়র নেতা মণিশঙ্কর আইয়ার
জম্মু-কাশ্মিরে চলমান অশান্ত পরিস্থিতির মধ্যে হুররিয়াত কনফারেন্স নেতাদের সঙ্গে কথা বলায় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা মণিশঙ্কর আইয়ারকে ‘পাকিস্তানের দালাল’ বলে অভিহিত করেছে বিজেপি।
মনিশঙ্কর আইয়ার গতকাল (বৃহস্পতিবার) এক প্রতিনিধিদল নিয়ে হুররিয়াত নেতা মীরওয়াইজ ওমর ফারুক এবং সাব্বির শাহ’র বাড়িতে গিয়ে দেখা করেন। তার সঙ্গে ছিলেন ও পি শাহ, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল কপিল কাক এবং বিনোদ শর্মা।
আইয়ার বলেন, যেভাবে বিজেপি’র সিনিয়র নেতা ও সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বলেছিলেন, সেভাবেই আমাদেরও ‘কাশ্মিরিয়াত’ ‘জমহুরিয়াত’ এবং ‘ইনসানিয়াত’- র কাঠামোয় থেকে আলোচনায় বসা প্রয়োজন।
মীরওয়াইজ ওমর ফারুক বলেন, আমরা চাই কাশ্মিরিরা নিজেদের অধিকার পাক।
গত মঙ্গলবারও মণিশঙ্কর আইয়ার ‘সেন্টার ফর পিস অ্যান্ড প্রোগ্রেস’র উদ্যোগে কাশ্মিরের ভবিষ্যৎ নিয়ে এক আলোচনায় যোগ দেন।
ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিজেপি'র মুখপাত্র জি ভি এল নরসিংহ রাও বলেন, ‘মণিশঙ্করের মতো অনেক কংগ্রেস নেতা সবসময় পাকিস্তান ও বিচ্ছিন্নতাবাদীদের হয়ে কাজ করছেন। এমনকি পাকিস্তানে গিয়ে সে দেশের মানুষের সাহায্যও প্রার্থনা করেছেন। তারা ভারতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করতে পাক সাহায্য চান।’
বিজেপির দাবি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ মণিশঙ্করই বলেছিলেন বর্তমান সরকারকে না সরালে ভারত-পাক সম্পর্ক মধুর হবে না।
মণিশঙ্কর আইয়ার বলেন, ‘কাশ্মিরের পরিস্থিতি কী, সেটা দেখতেই আমরা এসেছি।'
কংগ্রেসের সিনিয়র নেতা ও প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘কেন্দ্রীয় সরকার কেবলমাত্র সামরিক পথে কী কাশ্মিরের সমস্যা সমাধান করতে পারবে? এই সরকার কাশ্মির পরিস্থিতি স্বাভাবিক করতে কী করছে, সেটাই আসল ব্যাপার।’
অন্যদিকে, গতকাল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ‘বর্তমানে গোটা কাশ্মিরে হিংসার পরিবেশ রয়েছে। এরকম অবস্থায় বিচ্ছিন্নতাবাদী বা যারা হিংসায় মদদ দিচ্ছে তাদের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘এটা স্পষ্ট জানিয়ে দিতে চাই- আমরা কখনোই বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসবাদীদের কোনো দাবি মেনে নেব না।’
কংগ্রেস নেতা মনিশঙ্কর আইয়ারের মতে, যারা পাথর ছুঁড়ছে বন্দুক দিয়ে তাদের জবাব দেয়া ঠিক নয়। হতে পারে- তারা এক সময় পাথর ফেলে বন্দুক তুলে নেবে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৬