জম্মু-কাশ্মিরে সর্বাত্মক বনধ পালিত, নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ
https://parstoday.ir/bn/news/india-i38976-জম্মু_কাশ্মিরে_সর্বাত্মক_বনধ_পালিত_নিরাপত্তা_বাহিনীর_সঙ্গে_জনতার_সংঘর্ষ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদীন নেতা সাবজার আহমেদ ভাটসহ অন্য সদস্যরা নিহত হওয়ার প্রতিবাদে সোমবার সর্বাত্মক বন্ধ পালিত হয়েছে। আজ দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সড়কে যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৯, ২০১৭ ১৫:৪৫ Asia/Dhaka
  • কাশ্বিরে বনধ পালিত
    কাশ্বিরে বনধ পালিত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদীন নেতা সাবজার আহমেদ ভাটসহ অন্য সদস্যরা নিহত হওয়ার প্রতিবাদে সোমবার সর্বাত্মক বন্ধ পালিত হয়েছে। আজ দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সড়কে যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

হুররিয়াত কনফারেন্সের পক্ষ থেকে গতকাল (রোববার) থেকে দু’দিনের বনধ পালন করা হচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে আগামীকাল (মঙ্গলবার) ‘ত্রাল চলো’ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

সরকারি কর্তৃপক্ষ আগামীকাল দ্বিতীয় দিনের জন্য শ্রীনগরের সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

আজ (সোমবার) বিকেলে উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলার ত্রেহগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারী জনতার মধ্যে সংঘর্ষ হয়। সংশ্লিষ্ট এলাকায় আগে থেকেই কারফিউয়ের মতো বিধিনিষেধ থাকা সত্ত্বেও প্রতিবাদী তরুণরা তা উপেক্ষা করে সড়কে নেমে পুলিশ আধাসামরিক বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে বিক্ষোভ প্রকাশ করে। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।    

অন্যদিকে, দক্ষিণ কাশ্মিরের বামুন-সোপিয়ানে গতরাতে টহলরত নিরাপত্তা  বাহিনীকে লক্ষ্য করে গেরিলারা আচমকা গুলি চালিয়েছে। এসময় জওয়ানরা কোনোক্রমে রক্ষা পান। তারা পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে কমপক্ষে ২০ মিনিট ধরে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। গেরিলারা অবশ্য নিরাপদে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। 

আজ পুলওয়ামার তাহাবে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

এদিকে, নিরাপত্তাজনিত কারণে শ্রীনগর-বাডগাম-সোপর এবং বাডগাম-শ্রীনগর-ইসলামাবাদ-কাজিগান্দের মধ্যে শনিবার বিকেল থেকে রেল চলাচল বন্ধ রয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৯