মোদির নেতৃত্বে আগুনে জ্বলছে কাশ্মির: রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i39380-মোদির_নেতৃত্বে_আগুনে_জ্বলছে_কাশ্মির_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মির সমস্যা সামলাতে পারছেন না। এনডিএ সরকার কাশ্মির সমস্যাকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করছে।’ আজ (রোববার) চেন্নাইতে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ০৪, ২০১৭ ১১:৫২ Asia/Dhaka
  • রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদি
    রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদি

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মির সমস্যা সামলাতে পারছেন না। এনডিএ সরকার কাশ্মির সমস্যাকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করছে।’ আজ (রোববার) চেন্নাইতে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।

রাহুল গান্ধী বলেন, ‘৬/৭ মাস আগে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন আমি তাকে বলেছিলাম আপনারা কাশ্মিরকে সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না বরং তাকে আগুনে নিক্ষেপ করছেন। কিন্তু অরুণ জেটলি তা এড়িয়ে গিয়ে বলেছিলেন কাশ্মিরে শান্তিপূর্ণ পরিস্থিতি রয়েছে।’

তিনি বলেন, বাস্তব এটাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কাশ্মির আগুনে জ্বলছে। কেন্দ্রীয় সরকার স্রেফ রাজনৈতিক সুবিধার জন্য কাশ্মিরকে ব্যবহার করছে। কাশ্মির ভারতের শক্তি কিন্তু কেন্দ্রীয় সরকার তাকে দুর্বল করছে।

কাশ্মিরের রাজপথে স্কুলছাত্রীরা, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ (ফাইল ফটো)

এর আগে গতকাল চেন্নাইতে ডিএমকে নেতা করুণানিধির ৯৪তম জন্মদিনের অনুষ্ঠানে রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকার ও এরএসএসকে টার্গেট করে বলেন, কংগ্রেস এবং সমমনোভাবাপন্ন দল ও লোকেরা আরএসএস বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশে এক মতাদর্শ চাপাতে দেবে না।

রাহুল বলেন, আমরা কখনো ভারতের একশ’ কোটির বেশি মানুষের কণ্ঠরোধ করতে দেবো না। যখনই ওরা হাস্যকর ধারণা ছড়াতে থাকবে আমরা চুপ করে দাঁড়িয়ে তা দেখব না।

গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কাশ্মির পরস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেছিলেন। এরপরে আজই কংগ্রেস নেতা রাহুল গান্ধী কাশ্মির পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হলেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৪