গুজরাটে রাহুল গান্ধীর গাড়িবহরে হামলা, বিজেপিকে দায়ী করল কংগ্রেস
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী আজ বন্যা কবলিত গুজরাটে গিয়ে আক্রান্ত হয়েছেন। আজ (শুক্রবার) গুজরাটের বনাসকান্ঠা এলাকায় বন্যার্তদের সঙ্গে কথা বলতে ও তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিতে যান রাহুল গান্ধী।
এ সময় লালচক এলাকায় তার গাড়িবহর লক্ষ্য করে দুর্বৃত্তরা কংক্রিটের চাঙর ছুঁড়লে তার গাড়ির কাঁচ ভেঙে গুঁড়ো হয়ে যায়। ওই ঘটনায় রাহুলের নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। গাড়ির সামনের সিটে বসে থাকা রাহুল অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বনাসকান্ঠা জেলার পুলিশ সুপার জানিয়েছেন।
ওই ঘটনায় ক্ষুব্ধ রাহুল বলেন, ‘নরেন্দ্র মোদির স্লোগানে, কালো ঝান্ডা এবং পাথর থেকে আমরা পিছু হটব না। আমরা আমাদের সমস্ত শক্তি মানুষের সাহায্যের জন্য কাজে লাগাব।’ এদিন এলাকা দিয়ে যাওয়ার সময় রাহুল গান্ধীকে কালো পতাকাও দেখানো হয়।
কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি এ হামলার নিন্দা জানিয়ে বলেন, বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে।
তার প্রশ্ন, ‘আমরা কি এমন গণতন্ত্রে পৌঁছে গেছি যে, বিরোধীরা গণতান্ত্রিক রাজনীতি প্রয়োগ করতে পারবেন না?’
সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুলের গাড়িতে হামলার ঘটনার নিন্দা করে বলেন, ওই ঘটনার তীব্র নিন্দা করছি। রাজনীতিতে হিংসার কোনো স্থান নেই।
এদিকে, বিজেপি হামলার অভিযোগ অস্বীকার করেছে। দলটির পক্ষ থেকে বলা হয়, রাহুলের গাড়িতে হামলার নেপথ্যে বিজেপি’র কোনো ভূমিকা নেই।#
পাসটুডে/এমএএইচ/এআর/৫