স্বাধীনতার বিপরীতে কালোদিবস পালিত: বনধে কাশ্মিরের জনজীবন বিপর্যস্ত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মির উপত্যাকায় বনধের ফলে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ (মঙ্গলবার) স্বাধীনতা দিবস উদযাপনের বিরুদ্ধে কাশ্মিরি নেতারা সেখানে কালোদিবস পালন করেন এবং বনধের ডাক দেন।
যৌথ প্রতিরোধ আন্দোলন নেতৃত্ব সাইয়্যেদ আলী শাহ গিলানী, মীর ওয়াইজ ওমর ফারুক এবং ইয়াসীন মালিকের পক্ষ থেকে ডাকা ওই বনধে শ্রীনগর ও পার্শ্ববর্তী এলাকার সমস্ত দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন ব্যবস্থা বন্ধ ছিল।
আজ সরকারি ছুটি থাকায় বিভিন্ন সরকারি দফতর, ব্যাংক এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
হুররিয়াত প্রধান সাইয়্যেদ আলী শাহ গিলানী এবং মীরওয়াইজ ওমর ফারুক গৃহবন্দি অবস্থায় রয়েছেন। অন্যদিকে, ভারত-বিরোধী প্রতিবাদ আন্দোলনে নেতৃত্ব দেয়ার আশঙ্কায় জেকেএলএফ প্রধান ইয়াসীন মালিককে শ্রীনগর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গতকালই তাকে পুলিশ আটক করেছে।
বনধ ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ শ্রীনগর এবং অন্যান্য স্থানে গেরিলা হামলার আশঙ্কায় প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। সকাল থেকেই ফোন এবং ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এদিকে, আজ নির্দলীয় বিধায়ক ইঞ্জিনিয়র রশিদের পক্ষ থেকে বকশি স্টেডিয়ামে কালো পতাকা তোলার কর্মসূচি ঘোষণা করায় পুলিশ তাকে আটক করে রাজবাগ থানায় নিয়ে যায়।
এদিন আওয়ামি ইত্তেহাদ পার্টির সমর্থকরা কালো পতাকা নিয়ে স্লোগান দিয়ে সড়কে নামলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় এবং পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে মৃদু লাঠি চালাতে হয়। অবশেষে পুলিশি তৎপরতায় বকশি স্টেডিয়ামে তাদের কালো পতাকা তোলার কর্মসূচি ব্যর্থ হয়।
শ্রীনগরের বকশি স্টেডিয়ামেই এদিন স্বাধীনতা দিবসের প্রধান অনুষ্ঠান হয়। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এখানে ভাষণ দেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৫