জম্মু-কাশ্মির সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন, পাক-ভারত পাল্টাপাল্টি গুলিবর্ষণ
https://parstoday.ir/bn/news/india-i44242-জম্মু_কাশ্মির_সীমান্তে_যুদ্ধবিরতি_লঙ্ঘন_পাক_ভারত_পাল্টাপাল্টি_গুলিবর্ষণ
জম্মু-কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান ও ভারতের সেনারা যুদ্ধবিরতি লংঘন করে পাল্টাপাল্টি গুলি চালিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৬, ২০১৭ ০৭:৪৫ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মির সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন, পাক-ভারত পাল্টাপাল্টি গুলিবর্ষণ

জম্মু-কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান ও ভারতের সেনারা যুদ্ধবিরতি লংঘন করে পাল্টাপাল্টি গুলি চালিয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, আজ (বুধবার) ভোর থেকে পুঞ্চে বিনা প্ররোচনায় নির্বিচারে গুলি চালাতে শুরু করে পাক বাহিনী। ভারতীয় সেনারাও এর পাল্টা জবাব দিয়েছে।

আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ পাক বাহিনী ভারতীয় ঠিকানা লক্ষ্য করে ছোট স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টার হামলা চালায়। গতকাল মঙ্গলবারও উরি সেক্টরে দুটি স্থানে পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ করলে এক নারী আহত হন। পুলিশের এক কর্মকর্তা বলেন, হানিফা বেগম নামে ওই নারী আহত হলে তাকে প্রথমে সেনবাহিনীর ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং পরে এক বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৮ আগস্ট পাকিস্তানি সেনারা কৃষ্ণাঘাঁটি সেক্টরে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করলে সেনাবাহিনীর এক জওয়ান নিহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে নয়াদিল্লিতে নিযুক্ত পাক দূতাবাসের কুটনীতিক তারিক করিমকে তলব করে প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেসময় বিনা প্ররোচনায় পাকবাহিনীর যুদ্ধ বিরতি লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

চলতি বছরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বেড়েছে। গত ১ আগস্ট পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনী ২৮৫ বার যুদ্ধবিরতি ভেঙেছে। ২০১৬ তে এই সংখ্যা ছিল ২২৮।

প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি সম্প্রতি সংসদে ওই তথ্য দেয়ার পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তে ২২১ বার যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে বলে জানান।  

সীমান্তে সেন্সর, র‍্যাডার, এবং নিরাপত্তা এজেন্সির জন্য বেশ কয়েকবার বেআইনি অনুপ্রবেশের চেষ্টা বন্ধ করা গেছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনে বেসামরিক ব্যক্তি হতাহতের ঘটনায় গত জুলাই মাসে পাকিস্তানে অবস্থিত ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানায় সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।#

পার্সটুডে/এসএমএইচ/এআর/১৬