হিজবুল কমাণ্ডার হত্যার প্রতিবাদে কাশ্মিরে বনধ পালিত: বিক্ষোভ, সংঘর্ষ
https://parstoday.ir/bn/news/india-i44410-হিজবুল_কমাণ্ডার_হত্যার_প্রতিবাদে_কাশ্মিরে_বনধ_পালিত_বিক্ষোভ_সংঘর্ষ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের চাদুরা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বাত্মক বনধ পালিত হয়েছে। আজ (শুক্রবার) মধ্য কাশ্মিরের চাদুরাতে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৮, ২০১৭ ১৬:৩৩ Asia/Dhaka
  • চাদুরাতে বিক্ষোভ
    চাদুরাতে বিক্ষোভ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের চাদুরা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বাত্মক বনধ পালিত হয়েছে। আজ (শুক্রবার) মধ্য কাশ্মিরের চাদুরাতে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়।

এছাড়া, জামিয়া মসজিদ কাদিমে জুমা নামাজ শেষে কয়েক হাজার জনতা মিছিল করে সম্প্রতি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হিজবুল মুজাহিদীনের কমান্ডার মুহাম্মদ ইয়াসীন ওরফে মেহমুদ গাজনভির গ্রামে যায়। সেখানে কবরস্থানের পাশে জড়ো হয়ে মানুষজন ফাতেহা পাঠ করে তার রূহের মাগফেরাত কামনা করেন।

মুহাম্মদ ইয়াসীন ওরফে মেহমুদ গজনভি সোপিয়ানের আনবরা গ্রামে গত ১৪ আগস্ট নিরাপত্তা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হন।

শ্রীনগরে কাঁদানে গ্যাসের সেল ফাটায় নিরাপত্তা বাহিনী

আজ শ্রীনগরের নৌহাট্টা জামিয়া মসজিদের বাইরে জুমা নামাজ শেষে প্রতিবাদী তরুণ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। জুমা নামাজ শেষ হতেই প্রতিবাদী তরুণরা মসজিদের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করলে নিরাপত্তা বাহিনী তাতে বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের সেল ফাটায়। প্রতিবাদী জনতা কাশ্মিরে সাম্প্রতিক হত্যা এবং সেখান থেকে সংবিধানের ৩৫-এ ধারা বিলোপ করার প্রচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ দেখান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৮